নাম বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা ইনিয়েস্তা! না, ইনি বার্সেলোনার ফুটবলার নন, বরং মাদ্রিদের সাধারণ অধিবাসী। কাকতালই বটে, এই ভদ্রলোকেরও পুরো নাম আন্দ্রেস ইনিয়েস্তা! তো, ভদ্রলোক বেশ আনন্দে ছুটি কাটাচ্ছিলেন। ফিরে এসে দেখলেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বেমালুম গায়েব! কী ঘটেছে, তা বুঝতে একটু সময় লাগল। মাদ্রিদের সাধারণ ইনিয়েস্তার অনুসারীরা হঠাৎ আবিষ্কার করলেন, চেনা ইনিয়েস্তার পরিবর্তে ফুটবলার ইনিয়েস্তার ছবি দেখতে পাচ্ছেন তাঁরা। অথচ ফুটবল নিয়ে তাঁদের কোনো আগ্রহই নেই। জানার পর ‘সাধারণ ইনিয়েস্তা’ ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। কোনো প্রতিকার না পেয়ে একটি ব্লগে সমস্যাটির কথা লেখেন। ব্লগে নিজের পরিচয় দিলেন এভাবে—আন্দ্রেস ইনিয়েস্তা (বিখ্যাত ফুটবল খেলোয়াড় নই)। এরপরই টনক নড়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের। মাদ্রিদের ইনিয়েস্তার কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে মেইল পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির যোগাযোগ ব্যবস্থাপক। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ফেরত দেওয়া হয়েছে। বিখ্যাত কারও সঙ্গে নাম মিলে যাওয়াটা বিড়ম্বনাই বটে! ফক্স স্পোর্টস।