
লিওনেল মেসির জায়গায় অন্য কেউ হলে কি নিষেধাজ্ঞাটা এভাবে পুরোপুরি উঠিয়ে নিত ফিফা? নাকি সময়ের সেরা তারকাদের একজন হওয়াতেই একটু বাড়তি সুবিধা পেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড? আর্তুরো ভিদালকে জিজ্ঞেস করলে প্রথম প্রশ্নটার উত্তরে তিনি ‘না’ বলবেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’। চিলিয়ান মিডফিল্ডার নিশ্চিত, নামটা মেসি বলেই এখানে ভিন্ন নিয়ম প্রযোজ্য হচ্ছে।
এই চিলির বিপক্ষেই গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে শুরু মেসিকে ঘিরে বিতর্কটা। সহকারী রেফারিকে গালি দেওয়ার অভিযোগে তাঁকে আর্জেন্টিনার জার্সিতে চার ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। এর মধ্যে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়েও ফেলেছেন, খেলতে পারেননি বলিভিয়ার বিপক্ষে। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আর্জেন্টিনা অধিনায়ক যে আপিল করেছিলেন, সেটির শুনানি শেষে গত শুক্রবার মেসির বাকি তিন ম্যাচের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় ফিফা।
এখানেই আইন প্রয়োগের ভিন্নতা দেখছেন ভিদাল। বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকেও তো এমন নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। মেসির মতো প্রায় একই রকম ঘটনার জন্য চিলির মিডফিল্ডার হোর্হে ভালদিভিয়া ও ডিফেন্ডার গ্যারি মেদেল নিষিদ্ধ ছিলেন চারটি ম্যাচে, ফরোয়ার্ড এদুয়ার্দো ভারগাস দুই ম্যাচ। এ কারণেই হয়তো ভিদালের অভিযোগ, মেসি তাঁর আপিলে ‘বিশেষ খাতির’ই পেয়েছেন। চিলির রাদিও কোপারাতিভাকে ২৯ বছর বয়সী বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার বলেছেন, ‘ব্যাপারটা একটু জটিল। আমি শুধু ভাবি, যদি নিয়মটা সবার জন্যই একই হতো!’
মেসির প্রতি ভিদালের কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই। বরং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারটির ভালো দিকও খুঁজে পাচ্ছেন তিনি, ‘এটা আর্জেন্টিনার জন্য ভালো। মেসি ও ফুটবলের জন্যও ভালো। কারণ মেসিকে তাঁর জাতীয় দলের হয়ে খেলতে দেখতে সব সময়ই ভালো লাগে, কারণ ও নিজেকে উজাড় করে দেয়। তাই ওর জন্য ব্যাপারটা ভালো।’ নিজের আপত্তির জায়গাটা পরিষ্কার করেছেন এরপর, ‘আমি শুধু বলি নিয়মটা সব ক্ষেত্রে একই হওয়া উচিত।’
দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে যেতে আর্জেন্টিনা ও চিলির মধ্যে একরকম সরাসরি প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে এখন। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চিলি আছে চারে, আর্জেন্টিনা ১ পয়েন্ট পিছিয়ে পাঁচে। সরাসরি বিশ্বকাপে যাবে চারটি দল, পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফ। ইএসপিএন।