নামটা রিয়াল মাদ্রিদ বলেই এত বিতর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরার্ড পিকে। টুইটার। রিয়াল মাদ্রিদ।
তিনটা শব্দ শুনে অন্য একটি শব্দই মাথায় আসার কথা—বিতর্ক!
গত রোববার রাতে ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ ম্যাচের পর থেকে এমনিতেই রিয়ালকে ঘিরে বিতর্ক থামছে না। ম্যাচের পর অভিযোগ ওঠে, রিয়ালের কাছ থেকে রেফারিরা অনৈতিক উপহার পেয়েছেন। তার আগে ম্যাচেও রিয়াল ২-১ গোলে পিছিয়ে থাকার সময় একটি পেনাল্টি পায়, বিতর্ক আছে সেটি নিয়েও।
যে বিতর্কে যোগ দিয়েছিলেন পিকে। স্বভাবজাতভাবে রোনালদোদের খোঁচা মেরেই টুইট করেছেন বার্সেলোনা ডিফেন্ডার। তবে রিয়াল কোচ জিনেদিন জিদান ওসব কিছুই পাত্তা দিচ্ছেন না। তাঁর কথা, দলটার নাম রিয়াল মাদ্রিদ বলেই এসব বিতর্ক হচ্ছে।
বিতর্কের শুরু ভিয়ারিয়াল সভাপতি ফার্নান্দো রোচের মন্তব্য থেকে। ম্যাচের পর রোচ অভিযোগ করেন, রেফারি হেসুস গিল মানজানো ও তাঁর সহকারীরা রিয়ালের কাছ থেকে ‘উপহারের ব্যাগ’ নিয়ে মাঠ ছেড়েছেন। তার আগেই অবশ্য টুইটারে পিকে ঝড় তুলে ফেলেছেন। ম্যাচে রিয়াল বিতর্কিতভাবে পেনাল্টিটি পাওয়ার পর মাদ্রিদভিত্তিক কয়েকটি পত্রিকার কাটিং পোস্ট করে টুইটারে লেখেন, এভাবে রেফারিদের সৌজন্যে রিয়াল নাকি ৮ পয়েন্ট পেয়েছে!
তবে সব বিতর্কই উড়িয়ে দিয়েছেন জিদান। কাল রাতে মাঠে নেমেছে বার্সেলোনা ও রিয়াল দুই দলই, বার্সা ঘরের মাঠে খেলেছে স্পোর্টিং গিজনের সঙ্গে, রিয়ালের প্রতিপক্ষ ছিল লাস পালমাস। তার আগে পরশু সংবাদ সম্মেলনে দলকে ঘিরে থাকা সাম্প্রতিক বিতর্ক নিয়ে কথা বলেছেন জিজু। বিতর্কগুলো রং চড়ানো হচ্ছে কি না—এমন প্রশ্নে জিদানের উত্তর ছিল, ‘হচ্ছে যে, তা তো পরিষ্কার। আমি রেফারিদের ব্যাপারে জড়িত হতে চাই না। আমার খেলোয়াড়েরাও রেফারির সিদ্ধান্তকে সম্মান জানায়। এদিক দিয়ে আমি স্পেশাল একটা দল পেয়েছি, যারা সবকিছু ন্যায্যভাবে করতে চায়। এতে অনেকের জ্বলুনি হচ্ছে, আমি বুঝি।’
পিকের টুইটকেও তেমন পাত্তা দেননি রিয়াল কোচ, ‘যে যার মত দিতেই পারে, তবে এতে আমি নিজেকে জড়াব না। কোনো খেলোয়াড়, এমনকি ক্লাব সভাপতি যা খুশি বলতে পারে। কেউ তো আর তাদের মুখ বন্ধ করতে পারবে না। আমি শুধু একটা কথাই বলতে পারি, এর কোনো কিছুই সত্যি নয়।’ জিদানের দাবি, নামটা রিয়াল বলেই এত বিতর্ক হচ্ছে, ‘রিয়ালকে নিয়ে অনেক দিন ধরেই এসব করা হচ্ছে, আমি হয়তো কোচ হিসেবে এক বছরে এসব দেখছি। কিন্তু রিয়ালকে নিয়ে সব সময়ই এসব করা হয়।’ বিইনস্পোর্ট।