নামটা রোনালদো বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

কথাটা ক্রিস্টিয়ানো রোনালদো এর আগেও বলেছেন। ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে স্প্যানিশ কর কর্তৃপক্ষ। রোনালদো তখন বারবারই বলেছিলেন, লোকটা ‘ক্রিস্টিয়ানো রোনালদো’ বলেই কর কর্তৃপক্ষ এত আটঘাট বেঁধে নামছে।

একই কথা রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড বললেন আবারও। এবার আদালতে দাঁড়িয়ে। কর ফাঁকির মামলায় কালই প্রথম মাদ্রিদের আদালতে হাজির হয়েছিলেন রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, সেখানেও রোনালদো বেশ স্পষ্ট করেই বলেছেন, ‘যদি আমি ক্রিস্টিয়ানো রোনালদো না হতাম, তাহলে হয়তো আজ আমাকে আদালতে দাঁড়াতে হতো না!’

তা রোনালদোকে আদালতে যেতে হয়েছে, এটিও তো বড় খবর! এমনই যে, মাদ্রিদের উপশহর পজুয়েলো দে আলারকনের আদালত প্রাঙ্গণে যেন সাংবাদিকদের ‘মিছিল’। স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছে, টিভি, রেডিও, পত্রিকা...সব মিলিয়ে ছিলেন ২১৫ জন সাংবাদিক! সঙ্গে ৫০ জন চিত্রগ্রাহক। স্পেনের কোনো আদালত নাকি এর আগে কখনো এত সাংবাদিককে জড়ো হতে দেখেননি। তবে হতাশই হতে হয়েছে সাংবাদিকদের। আদালতে শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও রোনালদো কোনো কথাই বলেননি। সোজা গাড়িতে উঠে বাড়িতে ফিরে গেছেন।

আদালতে ৯০ মিনিট কথা বলেছেন রোনালদো। বের হয়েছেন বেলা ১টার দিকে। আদালতে নিজেকে নিরপরাধ দাবি করে গেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অবশ্য মার্কা লিখেছে, পুরোটা সময়ই নাকি রোনালদোকে কিছুটা হতাশ, অপ্রস্তুত লাগছিল। তবে বক্তব্য পরিষ্কার বোঝা না যাওয়ায় আদালত তাঁকে একজন দোভাষী নেওয়ার পরামর্শ দিলে রোনালদো নাকি বেশ জোর দিয়েই বলেছেন, ‘না, আমিই বলব।’

পরে বিবৃতিতে জানা যায়, রোনালদো আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘আমি সব সময়ই স্বেচ্ছায় আমার ট্যাক্স রিটার্নের কাজ করি। আমাকে যারা চেনে সবাই জানে উপদেষ্টাদের আমি কী বলি, যেন সব কাগজ (কর-সংক্রান্ত) হালনাগাদ রাখা হয়, আর কর ঠিকভাবে পরিশোধ করা হয়। কারণ আমি কোনো ঝামেলা চাই না।’ তবে রোনালদোর বিবৃতির সঙ্গে দুটি ব্যাপারে কৌঁসুলিদের আপত্তি আছে। এক, স্পেনে তাঁর আয়ের অংশ নির্ধারণের প্রক্রিয়া। দুই, ২০১৪ সালে রোনালদো ইমেজ স্বত্ব থেকে পাওয়া চার বছরের (২০১১-১৪) আয় একসঙ্গে দেখানো। চার বছরেরই আয়ের বিবৃতি আলাদা করে প্রকাশ করতে বলেছেন কৌঁসুলিরা। মার্কা।