নামেই বিশ্বকাপ, আকর্ষণে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুনলেই চোখের সামনে যে রোমাঞ্চ আর আভিজাত্যের ছবি ভেসে ওঠে, তার কিছুই এখানে নেই। তাতে কী, বিশ্বকাপ তো! আর সেই বিশ্বকাপ জেতা মানে বিশ্বসেরা ক্লাবের স্বীকৃতি, বিশ্বকাপ ট্রফি। গ্ল্যামার যত কমই হোক, ওই স্বীকৃতি আর ট্রফির জন্যই জাপানে আজ লড়াইয়ে নামবে সাতটি দল। ছয় মহাদেশের ছয় চ্যাম্পিয়ন দলের সঙ্গে স্বাগতিক জাপানের চ্যাম্পিয়ন সানফ্রেচ্চে হিরোশিমা।
খেলবে সাতটি দলই, তবে শিরোপার জন্য মূল লড়াইটা আসলে হবে ইউরোপের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন রিভার প্লেটের মধ্যে। চোখটা অবশ্য বার্সেলোনার ওপরই বেশি থাকবে। মেসি-নেইমার-সুয়ারেজদের দলটি এ টুর্নামেন্টের সবচেয়ে তারকাখচিতই শুধু নয়, শিরোপার সবচেয়ে বড় দাবিদারও।
বার্সেলোনা ও রিভার প্লেট দুই দলই সরাসরি খেলবে শেষ চারে। টুর্নামেন্ট আজ শুরু হলেও রিভার প্লেট মাঠে নামবে ১৬ ডিসেম্বর। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে কঙ্গোর মাজেম্বে অথবা হিরোশিমা-অকল্যান্ড উদ্বোধনী ম্যাচের জয়ী দল। বার্সেলোনা মাঠে নামবে ১৭ ডিসেম্বর। শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে পারে মেক্সিকোর ক্লাব আমেরিকা কিংবা লুইস ফেলিপে স্কলারির কোচিংয়ে থাকা চীনা ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে। বড় কোনো অঘটন না ঘটলে তাই ২০ ডিসেম্বর ইয়োকোহামার ফাইনালে বার্সেলোনা-রিভার প্লেটের দেখা হচ্ছে বলে ধরেই নেওয়া যায়।
বার্সেলোনা অবশ্য গত রাত পর্যন্ত ব্যস্ত ছিল চ্যাম্পিয়নস লিগ নিয়ে। তবে ক্লাব বিশ্বকাপ সামনে রেখে পরশুই বুয়েনস এইরেস থেকে ৩০ ঘণ্টার দীর্ঘ উড়ানে জাপান পৌঁছে গেছে রিভার প্লেট। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ খেলতে এসে আর্জেন্টিনার দলটি ফাইনালেরই স্বপ্ন দেখছে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ ইউরোপের পরাশক্তি বার্সেলোনা। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট নিয়ে খুবই রোমাঞ্চিত রিভার প্লেট খেলোয়াড়েরা।
এর আগে ক্লাব বিশ্বকাপের ১১টি আসরের মধ্যে ৭ বারই চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের ক্লাব। তাই বলে লড়াইয়ের আগেই বার্সেলোনার হাতে শিরোপা দিয়ে দিতে রাজি নন রিভার প্লেট মিডফিল্ডার লুচো গঞ্জালেজ, ‘ইউরোপিয়ান দলগুলো ধরেই নেয় যে তারা এই টুর্নামেন্ট জিতবে। যখনই তারা এটা ভাবতে শুরু করে, তাদের মধ্যে একটু ঢিলেঢালা ভাব চলে আসে। ফলে ওরা যেমন আশা করে থাকে তার চেয়েও বড় পরীক্ষার মধ্যে পড়তে হয়। কিন্তু আমাদের জন্য এ ধরনের ম্যাচগুলো হচ্ছে আকাশছোঁয়ার মতো।’
গঞ্জালেজের কথাটা যে একেবারে ভুল নয়, সেই প্রমাণও আছে। ২০০৬ সালে ফাইলে উঠে এই বার্সেলোনাই তো হেরে গিয়েছিল ব্রাজিলের ইন্টারন্যাসিওনালের কাছে। তার আগের বছর লিভারপুলকে হারিয়ে দিয়েছিল সাও পাওলো। বছর তিনেক আগে চেলসিও হেরেছিল করিন্থিয়ানসের কাছে। এই তিনবারই ‘অঘটন’ ঘটিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব, এবার একটি আর্জেন্টাইন ক্লাব চমক দেখাবে কি না কে বলতে পারে! রয়টার্স।