প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন আইরিশ, কর্মসূত্রে থাকেন ইংল্যান্ডে। আরেকজন আমেরিকান, থাকেন আমেরিকাতেই। একজন জড়িয়ে ফুটবলের সঙ্গে, আরেকজন বেসবলের উদীয়মান তারকা। লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্সের সঙ্গে কলোরাডো রুকিসের ব্রেন্ডন রজার্সের কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু প্রথমজনের সঙ্গে দেখা হলে পরেরজন একটু অনুযোগ করতেই পারেন! ১৯ বছর বয়সী রজার্সকে তো ‘সিনিয়র রজার্সের’ জন্য কম ‘হ্যাপা’ পোহাতে হয়নি। লিভারপুলের কোচের পদ থেকে পরশু বরখাস্ত হয়েছেন রজার্স। টুইটারে সেটা নিয়েই তুমুল আলোচনা। আর সবাই সেখানে ট্যাগ করছে বেসবলের রজার্সকে। ত্যক্তবিরক্ত হয়েই শেষ পর্যন্ত ‘জুনিয়র রজার্স’ টুইট করেছেন, ‘আমি লিভারপুলের ম্যানেজার নই’। কিন্তু আসল রজার্সকে কেউ ট্যাগ করেনি কেন? তাঁর যে কোনো টুইটার অ্যাকাউন্টই নেই! মিরর।