নারী নিরাপত্তাকর্মীকে আহত করে জার্সি উপহার রোনালদোর

রোনালদোর জার্সি হাতে সেই নিরাপত্তকর্মী। পরে জার্সি গায়ে তাঁর মতো গোল উদযাপনও করেন। কোলাজ করা ছবিটি ইএসপিএন টুইটারে পােস্ট করেছে
ছবি: ইএসপিএন টুইটার

প্রায় এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা গোল করলেও কাল রাতটা স্মরণীয় করে রাখতে পারেননি ইয়ং বয়েজের কাছে ২–১ গোলের হারে।

মনের মতো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর ফেরা। তবে রোনালদোর কারণে ম্যাচটি এক নারী নিরাপত্তাকর্মীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

হারের পর রোনালদো নিজের জার্সি উপহার দেন ইয়ং বয়েজের সেই নারী নিরাপত্তাকর্মীকে। একে তো নিজের দল জিতেছে, তার ওপর ম্যাচ শেষে উপহার পেয়েছেন রোনালদোর জার্সি, স্মরণীয় রাত তো বটেই!

রোনালদো অবশ্য এমনিতেই জার্সিটা উপহার দেননি নিরাপত্তাকর্মীকে। ম্যাচ শুরুর আগে মাঠের এক প্রান্তের গোলপোস্টে শুটিং অনুশীলন করছিলেন রোনালদো। তাঁর জোরালো শট গিয়ে আঘাত করে সেই নিরাপত্তাকর্মীর মাথার পেছনের অংশে।

বলের আঘাতে তাৎক্ষণিকভাবে তিনি মাটিতে পড়ে যান। এরপর মাঠের স্বাস্থ্যকর্মীরা ছুটে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার আকস্মিকতায় হতবাক রোনালদো মাঠ পেরিয়ে গ্যালারির অংশে গিয়ে নিরাপত্তাকর্মীকে দেখতে যান। তাঁর কাছে গিয়ে বোঝার চেষ্টা করেন আঘাতের পরিণতি।

পরে দেখা যায়, ততটা গুরুতর চোট পাননি সেই নিরাপত্তাকর্মী। এরপর ম্যাচ শেষে রোনালদো তাঁকে নিজের জার্সি উপহার দেন।

সেই নারী মাঠকর্মী পরে রোনালদোর দেওয়া জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা গেছে রোনালদোর ‘ট্রেডমার্ক’ গোল উদ্‌যাপনের ভঙ্গিতে জার্সি পরে উদ্‌যাপন করছেন তিনি। মাথার ওপর হাত দিয়ে ভালোবাসার ইমোজিও দেখিয়েছেন।