নারীদের খেলার পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকবরের ক্রীড়া পাঠশালায় চলছে অনুশীলন ছবি: কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা থেকে
আকবরের ক্রীড়া পাঠশালায় চলছে অনুশীলন ছবি: কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা থেকে

একেবারে ছিপছিপে গড়ন। বয়স ৫০ ছুঁই ছুঁই করছে। মাথাভর্তি সাদা-কালো চুল। কেউ ধাক্কা দিলে পাল্টা জবাব দেওয়ার শরীরী জোরটুকুও নেই। কিন্তু এই মানুষটিই যুদ্ধ করছেন বাংলাদেশের এক প্রত্যন্ত জেলা শহর সাতক্ষীরায়। নাম তাঁর আকবর আলী। যুদ্ধের ময়দানে তাঁর সঙ্গী সমাজের পিছিয়ে পড়া নারীরা। তবে আকবরের যুদ্ধটা কোনো কিছু পাওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধ দেশের ক্রীড়াঙ্গনে নারীদের ঠাঁই পাইয়ে দেওয়ার লড়াই।
এই যুদ্ধে জয়ী হতে আকবর জ্যোতি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান নামে একটি খেলাধুলার পাঠশালা গড়ে তোলেন আজ থেকে ১২ বছর আগে। এটি সাতক্ষীরা শহরের শেষ প্রান্তে চালতেতলা বাজারে অবস্থিত। এই মুহূর্তে মোট ২০ জন নারী জ্যোতিতে খেলাধুলার পাঠ নিচ্ছেন। শহরের পিটিআই মাঠে সকাল-বিকেল দুই বেলা চলে তাঁদের অনুশীলন। দারুণ ব্যাপার হচ্ছে এই পাঠশালায় থাকা-খাওয়া, লেখাপড়া সবই বিনা মূল্যে। চরম দরিদ্র পরিবার থেকে আসা এই নারীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়েই পাঠ নেয় এই পাঠশালায়। চোখে স্বপ্ন নিয়েই তাঁরা অনুশীলন চালিয়ে যায় আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার ব্রত নিয়ে।
মালদ্বীপ ফুটবল লিগে পুলিশ ক্লাবের হয়ে তিন ম্যাচে ৩০টি গোল করেছেন সাবিনা! সারা দেশ তাঁকে এখন একনামে চেনে। অথচ কী কষ্টের জীবনই না পার করতে হয়েছে এই তারকাকে। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা ছিল তার পরিবারের। সৈয়দ আলী গাজীর পাঁচ মেয়ের মধ্যে সাবিনা চতুর্থ। সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে হাড়ভাঙা পরিশ্রম করতেন আলী গাজী। সারা সাতক্ষীরা শহর চষে বেরিয়ে লোহা, বোতল, কাগজ, প্লাস্টিকের ফেলে রাখা জিনিস কেনাবেচা করে যত্সামান্য আয়ে পেট জামিন দেওয়ার কাজ সারতেন তিনি। ২০০৭ সালে সপ্তম শ্রেণিতে উঠতেই সাবিনার ফুটবলশৈলী নজর কাড়ে জেলার ফুটবল প্রশিক্ষক আলী আকবরের। এরপর তাঁর জ্যোতি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কয়েক বছর অনুশীলন। রক্ষণশীল সমাজের বাধা-বিঘ্ন পেরিয়ে নিবিড় এই ফুটবলচর্চাই আজ জীবন পাল্টে দিয়েছে সাবিনার। তিনি এখন এ দেশের নারী ফুটবলের এক অতি পরিচিত নাম। মেয়েদের জাতীয় ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য।
জ্যোতি থেকে উঠে এসেই ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছিলেন সাবিনা। ক্লাব ফুটবলে তাঁর হাতেখড়ি ২০১২ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। এখন খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
আকবরের খেলার পাঠশালা থেকে জাতীয় পর্যায়ে খেলছে আরও কয়েক কিশোরী। এঁদেরই একজন নাসিমা সুলতানা। ফুটবল আর সাইক্লিং দুটোতেই দক্ষতা আছে তাঁর। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার হয়ে খেলছে এখন ১৩ বছরের মেয়েটি। ফুটবল আর সাইক্লিংয়ে বিভিন্ন আসরে অংশ নিয়ে নাসিমার আয় মাসে সাত হাজার টাকা। নাসিমা প্রথম আলোকে বলেছে ‘আমার মা বাসায় কাজ করেন। প্রথমে বাবা-মা আমি ফুটবল খেলব শুনে প্রচুর বকাঝকা করত। এখন আর কিছু বলে না।’
তবে আর্থিক পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেক সাবিনা তৈরি করতে পারবে-এমনটি মনে করেন আকবর। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার দুই মেয়ে চাকরি করে। এ ছাড়া আমার চাকরির বেতনে প্রতি মাসে ২৫ হাজার টাকা জোগাড় হয়। এ টাকাতেই একাডেমিটি চালানো হয়। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় টুর্নামেন্টে অংশ নেয় আমার ছাত্রীরা। এখান থেকে কিছু অর্থ সংগ্রহ হয়।’
তবে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান গড়াতে নানা বাধা-বিপত্তি পেরিয়ে আসতে হয়েছে আকবর আলীকে। উগ্রবাদীরা তো সরাসরিই তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছিল। ২০০৪ সালের দিকে সাতক্ষীরা শহরে মেয়েদের খেলাধুলা বন্ধের দাবিতে মিটিং-মিছিল হয়েছিল। প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগতেন আকবর। সে সময়কার কথা মনে পড়লে আজও আতঙ্ক দানা বাঁধে তাঁর মনে। আজকের পরিস্থিতি অবশ্য পুরোপুরি ভিন্ন। মেয়েদের খেলার ব্যাপারে কারও কোনো সমস্যা নেই। মোটামুটি সফলতার সঙ্গেই চলছে তাঁর সাধের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি।
আকবরের স্বপ্ন তাই এখন আকাশছোঁয়াই।