মাঠে একজন খেলোয়াড় কাতরাচ্ছেন যন্ত্রণায়, আরেকজন লাথি মেরে দেখেছেন লাল কার্ড। সহানুভূতিটা কার দিকে থাকা উচিত? অভিনয় না করে থাকলে অবশ্যই আহত খেলোয়াড়টির পক্ষে। কিন্তু স্প্যানিশ রেডিও লা ক্যাডেনা কোপের দুই ধারাভাষ্যকার বিস্ময়করভাবে ইসকোর পক্ষে কথা বললেন। এল ক্লাসিকোতে নেইমারের গায়ে পা চালিয়ে দুই ম্যাচের জন্য যে রিয়াল মিডফিল্ডার নিষিদ্ধ হয়েছেন। কিন্তু ওই দুই ধারাভাষ্যকার বললেন, নেইমারের ওই আঘাতটা প্রাপ্য ছিল। মানোলো সানচিস ও পলি রিঙ্কন নামের এই দুজন আবার রিয়াল মাদ্রিদেরও খেলোয়াড় ছিলেন। পরে তাঁদের কথাটা ফিরিয়ে নেওয়ারও সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু দুজনই অটল থেকেছেন নিজেদের বক্তব্যে। বার্সেলোনাও ব্যাপারটা হালকাভাবে নেয়নি, এর মধ্যেই লা লিগা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছে। নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েই ব্যাপারটা জানিয়েছে বার্সা। ইএসপিএন।