নালিশ ৮ কোটির, বার্সেলোনার জরিমানা ৩০০ ইউরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিজমানের জন্য জরিমানা দিচ্ছে বার্সেলোনা। ছবি: এএফপি
গ্রিজমানের জন্য জরিমানা দিচ্ছে বার্সেলোনা। ছবি: এএফপি

বার্সেলোনার বোর্ড নির্ঘাত দুশ্চিন্তায় পড়ে গেছে। এমন জরিমানা কীভাবে মেটাবে তারা! ৮০ মিলিয়ন ইউরো পাওয়ার আশায় বার্সেলোনার বিপক্ষে নালিশ করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রতিযোগিতা কমিটি সে নালিশের সুরাহা করে দিয়েছে। বার্সেলোনাকে ৩০০ ইউরো জরিমানা করেছে স্পেনের ফুটবল কর্তারা।

এ মৌসুমে অ্যাটলেটিকো থেকে বার্সেলোনায় এসেছেন আঁতোয়ান গ্রিজমান। গ্রিজমানের জন্য মাদ্রিদের নির্ধারিত ১২০ মিলিয়ন ইউরোর পুরোটাই দিয়েছে কাতালানরা। কিন্তু লাল-সাদারা দাবি করেছিল, গ্রিজমানের রিলিজ ক্লজ এ মৌসুমে ১২০ মিলিয়ন ইউরো হয়েছে। কিন্তু বার্সেলোনা গ্রিজমানের সঙ্গে মার্চে যোগাযোগ করেছে, তখন ফ্রেঞ্চ ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো। তাই বাকি ৮০ মিলিয়ন ইউরো দাবি করে বিচার চেয়েছিল অ্যাটলেটিকো।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এ বিচার নিয়ে বেশ ভেবে চিনতে শাস্তি দিয়েছে ৩০০ ইউরোর। এ অর্থ বার্সেলোনার জন্য কত নগণ্য সেটা বোঝাতে কোনো তুলনা টানার দরকার চলে না। তবু খেলাধুলার জগতের বিশ্বের সবচেয়ে বড় বাজেটের ক্লাব (১০৪৭ মিলিয়ন ইউরো) বার্সেলোনা, এটা মাথায় রেখে জরিমানাটা একটু হাস্যকরই হয়ে গেছে। বিকল্প শাস্তি হিসেবে স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে ন্যু ক্যাম্প বন্ধ করে দেওয়ার সুযোগ ছিল। টানা কয়েক ম্যাচ ঘরের মাঠে দর্শক ছাড়া খেলার শাস্তি দিলেও হয়তো একটু সমস্যা হতো বার্সেলোনার কিন্তু কর্তৃপক্ষ ৩০০ ইউরোকেই পর্যাপ্ত শাস্তি মনে করছে।
]
স্প্যানিশ এফএর প্রতিযোগিতা কমিটি জানিয়েছে, ওই সময় বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন গ্রিজমান এর পক্ষে প্রমাণ তারা পায়নি। তবে এটা প্রমাণিত হয়েছে বার্সেলোনা ওই সময়ে গ্রিজমানের সঙ্গে কথা বলেছে। কমিটির ভাষায় সেটা মে মাসে হয়েছে। আর গ্রিজমান এর আগেই অ্যাটলেটিকোকে জানিয়েছে যে মাদ্রিদে থাকতে চাইছেন না। স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে যেহেতু নিয়মে বলা আছে বর্তমান ক্লাবকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হয়। গ্রিজমান বার্সেলোনার সঙ্গে কথা বলার আগে জানিয়ে সে সুযোগ দিয়েছে।

মাত্র ৩০০ ইউরো শাস্তির ব্যাপারেও ব্যাখ্যা দিয়েছে কমিটি, ‘আমরা জানি ৩০০ ইউরো শাস্তি প্রতীকী। এবং এ শাস্তির ফলে দোষী ক্লাব ও অন্য ক্লাবকে নিয়ম ভাঙার ব্যাপারে নিরুৎসাহিত করবে না। কিন্তু এতে অন্য শাস্তি-স্টেডিয়াম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। কারণ সে শাস্তি অন্য আইন ভঙ্গের।’