নাসরি-নেইমারের রাত

প্রথম চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট—ম্যানচেস্টার সিটির বিদায়গাথাই হয়তো লিখে ফেলেছিলেন অনেকে। চ্যাম্পিয়নস লিগ কি আবারও সিটির হৃদয় খুঁড়ে বেদনা জাগাবে? আগুয়েরো, তোরে, কোম্পানির মতো আক্রমণ-মধ্যমাঠ-রক্ষণের তিন স্তম্ভ নেই, রোমার সঙ্গে ম্যাচের আগে সিটির জয়ের পক্ষে বাজি বেশি ছিল না। কিন্তু পরশু রোমের রাতটা ‘রোমান হলিডেই’ হলো সিটির জন্য, ২-০ গোলের দারুণ এক জয়ে নিশ্চিত করল তারা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব।
সিটির জন্য যেমন বাঁচা-মরার লড়াই, ন্যু ক্যাম্পের ম্যাচটা বার্সেলোনা বা পিএসজির জন্য অমন কিছু ছিল না। কিন্তু গ্রুপ রানার্সআপ হয়ে পরের পর্বে নিজেদের কাজটা কে কঠিন করতে চাইবে? বার্সা-পিএসজি খেলল জয়ের জন্যই, ম্যাচটাও হলো মনে রাখার মতো। একই ম্যাচে ইব্রাহিমোভিচ-মেসি-নেইমার-সুয়ারেজের গোল, তার মধ্যে আবার নেইমারেরটি অনেক দিন মনে রাখার মতো। ৩-১ গোলের জয় দেখে বার্সেলোনা সমর্থকেরা খুশি। এই মৌসুমে ইউরোপের শীর্ষ লিগের দলগুলোর মধ্যে পিএসজিই ছিল অপরাজিত, পরশু শেষ হলো তাদের সেই গর্বটাও।
অথচ ন্যু ক্যাম্পে ইব্রার ফেরাটা হয়েছিল মনে রাখার মতোই। ১৫ মিনিটের মাথায় করে ফেলা গোলটা ছিল পুরোনো ক্লাবের বিপক্ষে ইব্রার প্রথম গোল। কিন্তু এরপরেই বার্সা গা-ঝাড়া দিয়ে উঠল। সুয়ারেজের পাস থেকে মেসি চ্যাম্পিয়নস লিগে নিজের ৭৬তম গোল করলেন, পরে সুয়ারেজকে নিজেও করে দিলেন ন্যু ক্যাম্পে প্রথম গোল করার সুযোগ। তবে মধ্যে নেইমারের ডান পায়ে বাঁক খাইয়ে করা দুর্দান্ত গোলটাই ম্যাচসেরা।
এটিকে দিনের সেরাও বলে দেওয়া যায়, তবে সামির নাসরি তাতে আপত্তি জানাতে পারেন। প্রথমার্ধ শেষে এমন একটা সমীকরণ হয়ে গিয়েছিল, গোলশূন্য ড্র হলে চলে যেতে পারে রোমা, অন্য যে কোনো ড্রতে সিটি। ৬০ মিনিটে নাসরি নিশ্চিত করলেন, রোমা অন্তত প্রথম সম্ভাবনাটি কাজে লাগাতে পারছে না। ২৫ গজ দূর থেকে গোলার মতো শটে করা গোলটা হয়তো তাঁর ক্যারিয়ারেরই অন্যতম গুরুত্বপূর্ণ বলে দিতে পারেন। ৮৬ মিনিটে তাঁর পাসেই জাবালেতার গোলটা রোমার কফিনে ঠুকে দিয়েছে শেষ পেরেক।
এমন একটা জয়ের পর ম্যানুয়েল পেলেগ্রিনি প্রচারমাধ্যমকে একটু খোঁচাই দিলেন, ‘খেলোয়াড়দের ওপর আমার যথেষ্ট আস্থা ও বিশ্বাস ছিল। কঠিন একটা মাঠে কঠিন একটা ম্যাচ জিতেছি। আমার মনে হয় ওদের (প্রচারমাধ্যমের) কাছ থেকে আরেকটু বেশি প্রশংসা আমরা পেতেই পারি। ওরা তো বলে আমরা শুধুই আগুয়েরোর দল। কিন্তু আজ আগুয়েরোকে ছাড়াই তো আমরা উঠেছি।’ রোমা কোচ রুডি গার্সিয়া সুযোগ কাজে লাগাতে না পারাটাকেই দুষলেন, ‘আমরা নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারিনি, বিশেষ করে প্রথম ১৫ মিনিটে।’ এএফপি।
চূড়ান্ত পর্বে যারা
চ্যাম্পিয়ন রানার্সআপ
গ্রুপ এ অ্যাটলেটিকো জুভেন্টাস
গ্রুপ বি রিয়াল বাসেল
গ্রুপ সি মোনাকো লেভারকুসেন
গ্রপ ডি ডর্টমুন্ড আর্সেনাল
গ্রুপ ই বায়ার্ন ম্যান সিটি
গ্রুপ এফ বার্সেলোনা পিএসজি
গ্রুপ জি চেলসি শালকে
গ্রুপ এইচ পোর্তো শাখতার
এক নজরে
বায়ার্ন ৩ : ০ সিএসকেএ
রোমা ০ : ২ ম্যান সিটি
আয়াক্স ৪ : ০ অ্যাপোয়েল
বার্সেলোনা ৩ : ১ পিএসজি
চেলসি ৩ : ১ স্পোর্টিং
মারিবর ০ : ১ শালকে
বিলবাও ২ : ০ বরিসভ
পোর্তো ১ : ১ শাখতার
* প্রথমে স্বাগতিক দল