নাসিরউদ্দিন গোল করলে, হারে না আবাহনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী -মুক্তিযোদ্ধার খেলার একটি দৃশ্য । ছবি: শামসুল হক
আবাহনী -মুক্তিযোদ্ধার খেলার একটি দৃশ্য । ছবি: শামসুল হক

নাসিরউদ্দিন ছিলেন পুরোদস্তুর স্ট্রাইকার। জাতীয় দলেও এসেছেন স্ট্রাইকার হিসেবে। কিন্তু ২০১০ সালে জাতীয় দলের সার্বিয়ান কোচ জোরান জর্জেবিচ তাঁকে বানিয়ে দেন ডিফেন্ডার। এরপর থেকে রক্ষণ সামলানোই তাঁর দায়িত্ব। কিন্তু দলের প্রয়োজনে গোল করার অভ্যাসটি তো আর ভোলেননি। আজও গোল করেছেন।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে নাসির গোল করেছেন একটি। আর ডিফেন্ডার নাসির গোল করলে আবাহনী যেন হারে না! ইতিমধ্যে চলতি প্রিমিয়ার লিগের আট ম্যাচে আবাহনী লিমিটেডের জার্সিতে তাঁর নামের পাশে জমা হয়েছে দুই গোল। দুটি ম্যাচেই জয় পেয়েছে আবাহনী। ম্যাচ শেষে নাসিরও মজা করে বললেন, ‘আমি গোল করলে আবাহনী হারে না।’

এই জয়ের ফলে আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আকাশি-নীলরা। আর ৬ পয়েন্ট নিয়ে নয়ে মুক্তিযোদ্ধা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলের জন্য হাপিত্যেশ করছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক উত্তম বড়ুয়া। শুরুর ৩ মিনিটেই রুবেল মিয়ার ক্রসে বক্সের মধ্যে থেকে প্লেসিং করেছিলেন সাদ উদ্দিন। ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে রক্ষা করেন উত্তম। দুই মিনিট পরেই আবার এমেকার সামনে বাধা হয়ে দাঁড়ান মুক্তিযোদ্ধার গোলরক্ষক। অফসাইড ফাঁদ ভেঙে এমেকা একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে প্রবেশ করলে পোস্ট ছেড়ে বের হয়ে এসে গোললাইন ব্লক করে দেন তিনি। এমেকাও তাঁর হাতেই বল মারতে বাধ্য হন। ৫২ মিনিটে এই অফসাইড ফাঁদ ভেঙেই আবাহনীকে এগিয়ে দেন ডিফেন্ডার নাসিরউদ্দিন। ওয়ালি ফয়সালের ক্রস বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়েছেন এই ডিফেন্ডার। লিগে এটি তাঁর দ্বিতীয় গোল। ৮০ মিনিটে আবাহনীর জয় নিশ্চিত করেছেন গাম্বিয়ান ল্যান্ডিং ডার্বো। ডান প্রান্ত থেকে রুবেল মিয়ার ক্রসে দূরের পোস্ট থেকে হেডে গোল করেছেন ল্যান্ডিং। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে এমেকা ডার্লিংটনের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ল্যান্ডিং।

তবে ল্যান্ডিংকে ছাপিয়ে আলোচনায় নাসিরউদ্দিন। চলতি মৌসুমে চট্টগ্রাম আবাহনী থেকে আবাহনী লিমিটেডে (ঢাকা) নাম লিখিয়েছেন। দলের প্রয়োজনে কোচ দ্রাগো মামিচ তাঁকে হোল্ডিং মিডফিল্ড পজিশনে খেলাচ্ছেন। এখান থেকে উঠে গিয়েই করছেন গোল। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেও গোল করে আবাহনীকে জিতিয়ে ছিলেন নাসির। ৮৪ মিনিট পর্যন্ত সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ২-২ সমতায় ছিল ম্যাচটি। ড্র-ই যখন নিয়তি বলে ধরা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আবাহনীকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছিলেন নাসির উদ্দিন। ওই নাসিরের গোলেই ৩-২ ব্যবধানে সাইফ স্পোর্টিংকে হারিয়ে শুভসূচনা করেছিল চ্যাম্পিয়ন আবাহনী।