নায়ক অচেনা আমজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমজাদ আলী
আমজাদ আলী

প্রিমিয়ার লিগ ফুটবলে এবার আলো ছড়াচ্ছেন দেশি স্ট্রাইকাররা। বিদেশি কোটা কমে যাওয়ায় মঞ্চটা এবার দেশি স্ট্রাইকারদের জন্য উন্মুক্ত। আজও ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন এক অচেনা দেশি স্ট্রাইকার আমজাদ আলী। আমজাদের সঙ্গে আত্মঘাতী গোলের সুবাদে আরামবাগের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মুক্তিযোদ্ধা।

এবার লিগে প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে আক্রমণভাগে নতুন কোনো মুখ। গোল করে আলোটাও নিজেদের দিকে কেড়ে নিচ্ছেন তাঁরা। শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের ৩-২ গোলের জয়েও এক গোল করেছিলেন আমজাদ। আমজাদের গোলেই টানা দ্বিতীয় জয় পেল মুক্তিযোদ্ধা। এবারই প্রথম প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। চট্টগ্রাম প্রিমিয়ার লিগের ক্লাব কোয়ালিটি স্পোর্টস থেকে সরাসরি মুক্তিযোদ্ধায় এসে টানা দুই গোল করা আমজাদের গলায় উচ্ছ্বাস, ‘প্রথমে এসেই আমাকে দুই ম্যাচে গোল করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।’
অথচ ম্যাচের নাটাইটা ছিল আরামবাগের তরুণদের হাতে। বুকোলা, ইকাঙ্গা, জুয়েলদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল মুক্তিযোদ্ধার রক্ষণভাগ। রকির ফ্রিকিক থেকে জুয়েলের প্লেসিং ক্রসবারে লেগে ফিরে না এলে ৩২ মিনিটেই এগিয়ে যেত পারত মারুফুলের দল। ভাগ্যও যেমন সহায় ছিল না, ঠিক তেমনি বুকোলা-বাপ্পীদের গোল মিসের খেসারতও দিতে হয়েছে দলটিকে। উল্টো ৬১ মিনিটে তানভির রানার ক্রস থেকে হেডে গোল করেছেন আমজাদ। প্রতিটি ম্যাচেই গোলরক্ষকের অনভিজ্ঞতায় গোল হজম করছে আরামবাগ। ম্যাচে ফেরার সবচেয়ে সহজ সুযোগটি মিস করেছেন সোহেল রানা। শেষ দিকে ইকাঙ্গার হেডে বাড়িয়ে দেওয়া বল গোলমুখ থেকে ক্রসবার উঁচিয়ে মারেন তিনি। উল্টো আরাফাতের বদৌলতে আত্মঘাতী গোল হজম করেছে তারা। ফলে লিগে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল আরামবাগ।