নায়ক হিগুয়েইন, খলনায়ক হিগুয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিগুয়েইন হয়ে গেলেন জুভেন্টাসের। আর্জেন্টাইন স্ট্রাইকারের জার্সি নম্বরটা অবশ্য বদলায়নি l এএফপি
হিগুয়েইন হয়ে গেলেন জুভেন্টাসের। আর্জেন্টাইন স্ট্রাইকারের জার্সি নম্বরটা অবশ্য বদলায়নি l এএফপি

আগের মৌসুমে তিনি ছিলেন নাপোলি সমর্থকদের হৃদয়জুড়ে। তাঁর ৩৬ গোলের প্রতিটি ২৬ বছর ধরে ইতালিয়ান শিরোপার স্বপ্ন দেখতে থাকা নাপোলিকে দিয়েছে সোনালি ভোরের প্রত্যাশা। কিন্তু হয়নি। গঞ্জালো হিগুয়েইনের বীরত্বের পরও দ্বিতীয় হয়েই লিগ শেষ করেছে নাপোলি, বাঁকা চোখে চেয়ে চেয়ে দেখেছে জুভেন্টাসের শিরোপার উচ্ছ্বাস। তাতে কী, একজন নতুন নায়ক তো পেয়েছিল নাপোলি—হিগুয়েইন।
আরেকটি মৌসুম এখনো শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে নায়ক থেকে নেপলসের মানুষের কাছে পুরোপুরি ‘খলনায়ক’ বনে গেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ‘প্রতারক’ শব্দটাকেও এখন সম্ভবত এই একটা নাম দিয়েই বোঝান তাঁরা—হিগুয়েইন!
দলবদল ফির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। জুভেন্টাস খুশি, ৯০ মিলিয়ন ইউরো পেয়ে নাপোলিও লাভবান। তবু এটি এরই মধ্যে পেয়েছে এই মৌসুমের সবচেয়ে ‘বিতর্কিত’ দলবদলের তকমা।
হিগুয়েইন জুভেন্টাসে যোগ দিচ্ছেন, দিন কয়েক আগেই সেটি শোনার পর থেকেই নাপোলিজুড়ে শুরু হয় ক্ষোভ। কেউ আর্জেন্টাইন স্ট্রাইকারের জার্সি পুড়িয়েছেন, কেউ তো কমোডে ফ্ল্যাশই করে দিয়েছেন জার্সিটা। হিগুয়েইনের নামের পাশে ‘প্রতারক’ শব্দ লেখা বড় বড় ব্যানারও দেখা গেছে নাপোলির রাস্তায়।
অথচ মাস খানেক আগে এই হিগুয়েইনই ছিলেন ‘নাপোলির রাজা’। ১৯৯০ সালের পর ক্লাবটির প্রথম সিরি ‘আ’ জেতার স্বপ্ন যে দানা বাঁধছিল তাঁর পায়ে। ২৬ বছর আগে ডিয়েগো ম্যারাডোনার ছোঁয়ায় আলোর পথে সর্বশেষ যাত্রা, এরপর নাপোলির ইতিহাস তো শুধুই অপ্রাপ্তির গল্প। ম্যারাডোনার নামে বাঁধা গান তাই গত মৌসুমে শোনা গেছে হিগুয়েইনের জন্যও। কিন্তু গানের সুর মায়ায় বাঁধতে পারেনি ‘এল পিপিতা’কে। ম্যারাডোনার অনুরোধও নয়। শিরোপার আশায় হোক, আর অর্থের টানে, নেপলস ছেড়ে তুরিনকেই ঠিকানা বানালেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার।
দলবদল ফির রেকর্ডে কিছু ওলট-পালটও এসেছে এতে। গ্যারেথ বেল (১০০ মিলিয়ন ইউরো) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (৯৪ মিলিয়ন ইউরো) পর তৃতীয় সর্বোচ্চ দলবদল ফি এটি, ইতালিতে সর্বোচ্চ। কিন্তু এসব রেকর্ড-টেকর্ডে মোটেও উচ্ছ্বসিত নন ফ্রান্সেসকো টট্টি। এটি যে ব্যবসার কাছে ভালোবাসার হার। রোমাতে পুরো ক্যারিয়ার কাটিয়ে দেওয়া কিংবদন্তি মিডফিল্ডার বলেছেন, ‘মানুষ স্টেডিয়ামে আসেই বিনোদনের জন্য, এমন খেলোয়াড়কে দেখতে যে সব সময় একই দলে খেলে। হয়তো তারা চায় কোনো খেলোয়াড় তাঁদের ধোঁকা দেবে না। দেখুন গঞ্জালো হিগুয়েইন নাপোলি ছেড়ে জুভেন্টাসে যাওয়ায় কী হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক!’
অবশ্য এটা নাটকের একটা দিক। হিগুয়েইনের জন্য স্বস্তি, নিউটনের সূত্র মেনে নাপোলির ভর্ৎসনার ‘সমান ও বিপরীতমুখী’ সংবর্ধনা তিনি পেয়েছেন জুভেন্টাস সমর্থকদের কাছ থেকে। প্রথম দর্শনেই ক্লাবের নতুন ‘জার্সি নম্বর ৯’-কে সমস্বরে জানিয়ে দিয়েছেন প্রত্যাশা, ‘আমরা এত দূর এসেছি হিগুয়েইনকে গোল করতে দেখতে!’
হিগুয়েইনের চাওয়াও নিশ্চয়ই অভিন্ন। এএফপি, গোলডটকম।