নিখোঁজ ফুটবলার রেজওয়ানুলকে পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানুল হক
রেজওয়ানুল হক

স্বস্তির খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। স্পেশাল অলিম্পিক খেলতে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশ ইউনিফাইড দলের ফুটবলার রেজওয়ানুল হকের সন্ধান মিলেছে। বর্তমানে শিকাগো পুলিশের কাছে আছেন তিনি।

১৭ জুলাই যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছিল স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবল। সেখানে খেলতে গিয়েই ১৯ জুলাই নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশ দলের এই প্রতিবন্ধী ফুটবলার। তিনি কি হারিয়ে গেছেন নাকি পালিয়ে গেছেন, এ নিয়ে সৃষ্টি হয়েছিল ধূম্রজাল।

রেজওয়ানুল বর্তমানে শিকাগো পুলিশের কাছে আছে এবং খুব দ্রুত দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন স্পেশাল অলিম্পিকের পরিচালক ফারুকুল ইসলাম, ‘খবর এসেছে রেজওয়ানুলকে পাওয়া গেছে। সে বর্তমানে শিকাগো পুলিশের কাছে আছে। তাঁকে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে শিগগিরই। এর পরেই দেশে ফিরে আসবে রেজওয়ানুল।’

রেজওয়ানুল নিখোঁজ হওয়ার দিনে আয়োজকদের পক্ষ থেকে পুরো দলের নৌবিহারে যাওয়ার কথা ছিল। দলের দুই কোচ, হেড অব ডেলিগেশন ও ফিজিওর সঙ্গে আটজন খেলোয়াড় নৌবিহারে গেলেও বাকি আটজনের সঙ্গে হোটেলে থেকে যান রেজওয়ানুল। কোচ ও অফিশিয়ালরা না থাকার সুযোগেই হোটেল থেকে বের হয়ে গিয়েছিলেন রেজওয়ানুল। তাঁর নিখোঁজের ব্যাপারটি সঙ্গে সঙ্গে শিকাগো পুলিশকে জানানো হয়। শিকাগো পুলিশ ঘটনাটি নিজেদের টুইটার পেজেও ‘হারানো বিজ্ঞপ্তি’ আকারে প্রচার করে। এরপর রেজওয়ানুলকে না পাওয়ায় তাঁকে ছাড়াই মঙ্গলবার দেশে ফিরে আসে বাংলাদেশ ইউনিফাইড দল।