নিজ দলের খেলোয়াড়কে চড় মেরে লাল কার্ড ব্রাজিলিয়ান ডিফেন্ডারের

মার্চাওছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরুটা ভালোই হয়েছে গ্যালাতাসারাইয়ের। তুর্কি সুপার লিগে কাল গিরেসুসনপরকে ২-০ গোলে হারিয়েছে এই পরাশক্তি। কিন্তু ম্যাচের ফল নয়, কাল আলোচনা হয়েছে অন্য এক ঘটনা নিয়ে। দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্চাওর এক কাণ্ড নিয়ে।

ম্যাচে লাল কার্ড দেখা খুব স্বাভাবিক ঘটনা। মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড অনেকেই দেখেন। কিন্তু গতকাল মার্চাও লাল কার্ড দেখেছেন। কিন্তু তিনি দেখেন নিজ দলের খেলোয়াড়ের ওপর আক্রমণ করে।

এমন কিছু কমই দেখা যায়
ছবি: টুইটার

ম্যাচের ৬৩ মিনিটে ঘটেছে এই বিস্ময়কর ঘটনা। খেলা আচমকা থামিয়ে দিতে হলো। কারণ, প্রতিপক্ষের অর্ধে হঠাৎ জড়ো হয়ে গেলেন চার গ্যালাতাসারাই খেলোয়াড়। দেখা গেল দুদিকে দুজন খেলোয়াড়ের তেড়ে যাওয়া ঠেকানোর চেষ্টা করছেন বাকি দুজন। ধীরে ধীরে খেলোয়াড়ের সংখ্যা বাড়তে থাকে। গোলকিপার মুসলেরাও পোস্ট ছেড়ে ছুটে এসে শান্ত করার চেষ্টা করেন মার্চাওকে।

প্রতিপক্ষ দলের দু-একজন এসে সেখানে জড়ো হন। অন্যরা রেফারির কাছে এ ঘটনার বিচার চাইতে ছোটেন। কিন্তু রেফারি নিজেও বুঝে উঠতে পারছিলেন না কী ঘটেছে। চাইতে হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির।

মার্চাও
ছবি: টুইটার

রিপ্লেতে দেখা যায়, সতীর্থ কেরেম আকতুরকগলু প্রথমে চুপ করতে বলেন মার্চাওকে। এরপর মার্চাও এগিয়ে গিয়ে মাথা দিয়ে আঘাত করেন এবং চড় মারেন। এরপরই দুজনকে আলাদা করে দেওয়া হয়।

রিপ্লে দেখে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে দেওয়া হয় মার্চাওকে। এ ঘটনায় হতভম্ব উইঙ্গার আকতুরকগলুকেও বেশিক্ষণ মাঠে রাখা হয়নি। প্রায় সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয় ২২ বছর বয়সী এই তুর্কি খেলোয়াড়কে।

আকতুরকগলু (সাত নম্বর জার্সি)
ছবি: টুইটার

এ ব্যাপারে কোচ ফাতিহ তেরিম বলেছেন, ‘ক্লাব এ ব্যাপারে যা করার করবে। মার্চাও কেরেমের কাছে ক্ষমা চাইবে। নিজের আচরণের জন্য বাকি দলের কাছেও ক্ষমা চাইবে।’

২০১৮ সালে তুর্কি পরাশক্তি গ্যালাতাসারাইয়ে যোগ দেন মার্চাও। এরপর থেকে দলটির নিয়মিত সদস্য এই ব্রাজিলিয়ান। গত তিন মৌসুমে ১০২ ম্যাচে খেলেছে। তবে এবার একটু বিশ্রাম মিলবে তাঁর। এই ঘটনায় বড় শাস্তিই হওয়ার কথা। তুরস্কের লিগের নিয়মানুযায়ী এ ঘটনাকে ‘হামলা’ বলে ধরে নেওয়া হবে এবং এর শাস্তি ৫ থেকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা।