নিজে থেকে যাবেন না ফন গাল

কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল, সে মরে নাই। লুই ফন গালকেও বারবার ঘোষণা দিয়ে বলতে হচ্ছে, না, তিনি এখনো আছেন। ঠিক মাস খানেকের মধ্যে একই ঘটনারই পুনরাবৃত্তি। পরশু সংবাদ সম্মেলনে এসে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জানিয়ে গেলেন, পদত্যাগ করা দূরে থাক, পদ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই!
গত ডিসেম্বরেই ব্রিটিশ সংবাদমাধ্যমে চাউর হয়ে গেল, ফন গাল চাকরি হারাতে যাচ্ছেন। তখন ওটাকে সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। ইউনাইটেড কোচ পরে ভীষণ খেপে বলেছিলেন, এ ধরনের খবর ছড়ানোটা উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু পরিস্থিতি বদলায়নি। ব্রিটিশ প্রচারমাধ্যম পারলে ফন গালকে এখনই ডাগআউট থেকে বিদায় করে দেয়। গত সপ্তাহেই সাউদাম্পটনের কাছে হারের পর যেমন গুঞ্জন উঠল, ফন গাল নিজেই চাকরি ছেড়ে দিতে চেয়েছেন! পরশু ইউনাইটেড কোচ বলে দিলেন এটি নিখাদ গুঞ্জন, ‘এ নিয়ে তৃতীয়বার আমাকে বরখাস্ত করা হলো। তারপরও কিন্তু আমি আছি, এবং নিজের কাজটাও আমি করছি।’
প্রচারমাধ্যমকেও একহাত নিয়েছেন ডাচ কোচ, ‘আমার মনে হয় আপনারা নিজেরাই মনগড়া গল্প ফাঁদছেন। এবং আমাকে সেসবের উত্তর দিতে হচ্ছে। কিন্তু আমি সেটা করব না, কারণ আমার মনে হয় এটা ভয়াবহ ও লজ্জাজনক একটা ব্যাপার। আর আমার মনে হয় না আপনাদের এসব গালগল্পের উত্তর দেওয়ার দরকার আমার আছে।’ ফন গাল আবারও বলেছেন নিজে থেকে তিনি সরবেন না, ‘সবাই জানে আমি তিন বছরের জন্য একটা চুক্তিতে সই করেছি। আমি শেষ পর্যন্ত চালিয়ে যেতে চাই। আমি জানি, দল প্রত্যাশামতো ফল করতে পারছে না, কিন্তু আমরা সবাই এখানে পেশাদার। ম্যানেজার ও খেলোয়াড় হিসেবে চাপ সামলে ঘুরে দাঁড়ানোটাও আমাদের দায়িত্ব। এখনো আমরা মৌসুমের মাঝামাঝি আছি, উন্নতির এখনো সুযোগ আছে।’
গতকাল রাতে ডার্বি কাউন্টির সঙ্গে এফএ কাপের ম্যাচ খেলেছে ইউনাইটেড। ফন গালের পায়ের নিচের মাটি আরেকটু শক্ত হয়েছে, নাকি আরও সরে গেছে, সেটি এতক্ষণে জেনে যাওয়ার কথা। এএফপি, ইএসপিএন।