
সমালোচনার তির ছুটছে তাঁদের দিকে। শাখাওয়াত রনি, নাবিব নেওয়াজ জীবনদের জীবন উঠছে বিষিয়ে। কাজী সালাউদ্দিন, শেখ আসলামসহ অনেক সাবেক তারকা স্ট্রাইকার বলছেন, বাড়তি অনুশীলন করেন না বলেই এখনকার স্ট্রাইকাররা গোল পাচ্ছেন না। অনেকের চোখে আবার এটি ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়-নির্ভরতার কুফল।
কারণ যা-ই হোক, শাখাওয়াত রনি ব্যর্থতার দায় নিচ্ছেন নিজের কাঁধেই। ভুটান ম্যাচে অনেক সুযোগ নষ্ট হওয়ায় ক্ষমাও চেয়ে ফেললেন, ‘চেষ্টা করেও পারছি না। আমি হতাশ। এমন হবে ভাবিনি। তাই ক্ষমা চাওয়া ছাড়া আর উপায় নেই।’
গত দুটি মৌসুমে শেখ জামালে বিদেশিদের দাপটে ম্যাচ খেলেছেন মাত্র ৫-৬টি। তাঁর চোখে এটিই গোল না পাওয়ার বড় কারণ, ‘খেলার মধ্যেই তো থাকি না। না খেললে ভুল বেশি হয়, যেটা হলো ভুটানের সঙ্গে।’
সালাউদ্দিন প্রায়ই বলেন, বিদেশিদের সঙ্গে লড়াই করেই জায়গা করে নিতে হবে স্থানীয়দের। কিন্তু রনি এখানে আগেই পরাজয় মেনে নিচ্ছেন, ‘বিদেশিরা শারীরিকভাবে শক্তিশালী। তাদের কাছে স্বাভাবিকভাবেই আমরা মার খাই। এই বাস্তবতা এড়িয়ে যাওয়া যাবে না।’
জীবনেরও একই কথা। জাতীয় দলে ১৩ ম্যাচ খেলে গোল পেয়েছেন ৩টি। তবে এবার মৌসুমে আবাহনীর জার্সি গায়ে ১৭-১৮টি ম্যাচ খেলেও গোল পাননি। সেই ধারাবাহিকতায় ভুটানের সঙ্গেও ব্যর্থ জীবন দুষছেন ভাগ্যকে, ‘ভাগ্য সহায় হচ্ছে না। হয় বাইরে মারছি, নতুবা গোলকিপারের হাতে তুলে দিচ্ছি।’ জীবনের সরল স্বীকারোক্তি, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন, আত্মবিশ্বাসও কমে যাচ্ছে।
ফুটবলারদের খেলায় মনোযোগ কম, বাড়তি অনুশীলন করেন না, তাঁদের মান খারাপ। এমন কথা বাফুফে ভবনে প্রতিনিয়তই শোনা যায়। ‘মনোযোগের অভাব’ শব্দ দুটির সঙ্গে জীবনের দ্বিমত আছে। তবে অতিরিক্ত অনুশীলনের প্রয়োজনীয়তা দেখছেন তিনিও, ‘ভুটানের বিপক্ষে সহজ গোল করতে পারিনি। রনি ভাইয়ের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে আমার হেড লাগে ওদের গোলরক্ষকের হাঁটুতে। এখন থেকে তাই অতিরিক্ত অনুশীলন করব।’
মেহেদি হাসান তপুও মনে করেন, অতিরিক্ত অনুশীলন দরকার। এতে কোচদেরও দায় দেখেন বিজেএমসির স্ট্রাইকার, ‘কোটান খেলোয়াড়দের ধরে ধরে অতিরিক্ত অনুশীলন করাতেন। পরের কোচদের মধ্যে এটা আর দেখিনি।’
চার বছর পর জাতীয় দলে এসে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে একাদশে ছিলেন বিজেএমসির উইঙ্গার সোহেল রানা। লিগে ছয় ম্যাচ খেলেও কোনো গোল পাননি। শেখ জামালে তিন বছর কাটিয়েও নিয়মিত হতে পারেনি। আড়ালে চলে যাওয়া সেই সোহেল রানা জাতীয় দলে এসে নিজেই অবাক, ‘জাতীয় দলে ডাক পাব ভাবিনি।’ তবে স্ট্রাইকারদের সমস্যাটা তাঁর জানা, ‘লিগে বিদেশিদের গুরুত্ব দেয় সব দল। এটাই আমাদের দেশে মূল সমস্যা।’
মূল সমস্যা যে আসলে কোনটি—এ প্রশ্নের উত্তর জানাটা খুব জরুরি হয়ে পড়েছে এখন।