নিজেকেই যোগ্যতম ভাবেন প্লাতিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার নির্বাচন নিয়ে আশা ছাড়ছেন না প্লাতিনি। ছবি: রয়টার্স।
ফিফার নির্বাচন নিয়ে আশা ছাড়ছেন না প্লাতিনি। ছবি: রয়টার্স।

সেপ ব্ল্যাটারের স্বীকারোক্তি ফুটবল বিশ্বে একটা বিস্ফোরণই ঘটিয়েছে। ২০১৮ বিশ্বকাপের আয়োজক হিসেবে ভোটের আগেই রাশিয়ার নাম চূড়ান্ত করে ফেলার বিষয়টি ফুটবলে সর্বোচ্চ সংস্থার দুর্নীতির বিষয়টিই নতুন করে সামনে নিয়ে এসেছে। শুধু রাশিয়াকে বিশ্বকাপ দেওয়া নিয়েই নয়, ২০২২ বিশ্বকাপ কাতারকে দেওয়ার পেছনেও যে বড় ধরনের দুর্নীতি ছিল, ব্ল্যাটারের কথায় উঠে এসেছে সেটাও। কাতার-কেলেঙ্কারির অন্যতম হোতা হিসেবেও ব্ল্যাটার উল্লেখ করেছেন প্লাতিনির নাম।
ফিফার সভাপতি পদে আসন্ন নির্বাচনে প্রার্থী হয়ে প্লাতিনি যখন স্বপ্ন দেখছেন বিশ্ব ফুটবলের নেতৃত্ব হাতে নেওয়ার, সেই মুহূর্তে ব্ল্যাটারের ফাটানো বোমা যে তাঁর সাজানো বাগান তছনছ করে দেবে এমন ভাবনাটিই স্বাভাবিক। এমনিতেই একটি আর্থিক কেলেঙ্কারির কারণে প্লাতিনির বিরুদ্ধে তদন্ত চলছে, নিষিদ্ধ হয়ে আছেন ফুটবল কার্যক্রম থেকে। এমন সময়ে ব্ল্যাটারের স্বীকারোক্তি প্লাতিনিকে না ধরাশায়ী করে চূড়ান্তভাবেই!
ফরাসি এই ফুটবল কিংবদন্তি অবশ্য এসব নিয়ে চিন্তিত নয়। এত কিছুর পরেও তিনি স্বপ্ন দেখছেন ফিফার সভাপতি হবেন। সুইস পত্রিকা লা মাতিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্লাতিনি বরং তাঁর বিরোধীপক্ষকে ধুয়েই দিয়েছেন, ‘যারা আমাকে ফিফার সভাপতি পদে নির্বাচন করতে দিতে চায় না, তারা খুব ভালো করেই জানে নির্বাচনে আমাকে ঠেকানো যাবে না।’
সাবেক খেলোয়াড় হিসেবে বিশ্ব ফুটবলের নেতৃত্বে আসতে চান প্লাতিনি। খুব করেই চান ফুটবলের নেতৃত্ব একজন সাবেক খেলোয়াড়ের হাতেই থাক। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অভিভাবক হিসেবে নিজেকেই সবচেয়ে যোগ্য মনে করেন তিনি, ‘বিনয়ের সঙ্গেই বলতে চাই, এই মুহূর্তে বিশ্ব ফুটবল পরিচালনার জন্য আমিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।’
এত কিছুর পরেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন উয়েফা সভাপতি, ‘আমার কাছে মনে হচ্ছে কিছু মানুষ আছেন যাঁরা কোনোভাবেই চান না একজন সাবেক ফুটবলার বিশ্ব ফুটবলের নেতৃত্বে আসুন। তাঁরা ফুটবল খেলাটিকে ফুটবলারদের হাতে ফিরিয়ে দিতে চান না। আমিই একমাত্র ব্যক্তি যার সারা বিশ্বের ফুটবল নিয়ে দূরদৃষ্টি আছে। খেলোয়াড় হিসেবে আমার রেকর্ড, বিশ্বকাপ আয়োজক কমিটি ও উয়েফা প্রধান হিসেবে আমার অভিজ্ঞতা সেটাই তুলে ধরে সবার সামনে।’ সূত্র: রয়টার্স।