নিজেদের ‘গন্ধ’ ভালো লাগছে না গার্দিওলার

দুই দল লড়েছে সমানে সমান।ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ মৌসুম শুরু হয়ে গিয়েছে। ইংলিশ লিগে ক্লাবগুলো তিন-চারটি করে ম্যাচও খেলে ফেলেছে। কিন্তু এর মধ্যেই বেশ পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। গতবার লিভারপুলের কাছে লিগ হারানো দলটা এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনের শুরুতে হোঁচট খেয়েই চলেছে। তিন ম্যাচ খেলে সম্ভাব্য নয় পয়েন্টের মধ্যে মাত্র চার পয়েন্ট পাওয়া সিটি আছে পয়েন্ট তালিকার ১১-তে। শীর্ষে থাকা এভারটনের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে তাঁরা এখনই।

শিরোপা পুনরুদ্ধারের মিশনে সবশেষ ধাক্কাটা সিটি খেয়েছে গত রাতে। লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তাঁরা। লিডসের কোচ মার্সেলো বিয়েলসা আর পেপ গার্দিওলার সম্পর্ক নিয়ে নতুন কিছু বলার নেই, নিজেকে এক রকম বিয়েলসার ‘ভাবশিষ্য’ মনে করেন সিটির কোচ গার্দিওলা। সেই গুরুর দলকে হারানোর টোটকা নব্বই মিনিট ধরে খুঁজে পাননি এই স্প্যানিশ কোচ। আর্জেন্টাইন বিয়েলসার লিডস জিততে দেয়নি সিটিকে।

প্রথমে সিটিকে এগিয়ে দিয়েছিলেন স্টার্লিং।
ছবি : রয়টার্স

দলকে ৪-১-৪-১ ছকে সাজিয়েছিলেন বিয়েলসা। এর বিপরীতে গার্দিওলার ছক ছিল ৪-৩-৩। দুই স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ও গ্যাব্রিয়েল জেসুস চোটের কারণে মাঠের বাইরে, আলজেরিয়ার উইঙ্গার রিয়াদ মাহরেজকে আবারও দেওয়া হলো ‘ফলস নাইন’ বা ছদ্ম স্ট্রাইকারের ভূমিকা। দুদিকে রহিম স্টার্লিং আর দলে নতুন আসা স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস। বেনফিকা থেকে সদ্য দলে আসা পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াসকেও মূল একাদশে রেখেছিলেন গার্দিওলা।

প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে দুই দল। ১৫ মিনিটে লিডস রাইটব্যাক লুক অ্যাইলিংকে কাটিয়ে বাঁ প্রান্ত থেকে কাটব্যাক করেন স্টার্লিং। সেখান থেকে বল নিয়ে শুট করেন ফেরান তোরেস। ফাঁকা গোলপোস্টের সামনে গোলরক্ষক ইলান মেলিয়ে ছিলেন না, ক্লিয়ার করে বিপদ থেকে দলকে রক্ষা করেন লেফটব্যাক স্টুয়ার্ট ডালাস। এর দু মিনিট পর স্টার্লিং গোল করার জন্য কারওর ওপর ভরসা করেননি আর। বাঁ প্রান্ত থেকে কয়েকজনকে কাটিয়ে ভেতরে ঢুকে ডানপায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন এই ইংলিশ উইঙ্গার।

দ্রিগোর গোলে সমতা আসে ম্যাচে।
ছবি : রয়টার্স

তবে গোল খেয়ে লিডস যে নেতিয়ে গেছে, তা নয়। আগের দুই ম্যাচে যেমন দেখা গেছে, এই ম্যাচেও তেমন অকুতোভয় ছিল লিডস। আক্রমণ করে গেছে একের পর এক। প্রথমার্ধে দুই ফুলব্যাক অ্যায়লিং আর ডালাস দুজনের শটই সেভ করেছেন সিটির গোলরক্ষক এদেরসন। গোলমুখে ব্যর্থ হয়েছেন আগের দুই ম্যাচে গোল পাওয়া স্ট্রাইকার প্যাট্রিক ব্যামফোর্ডও। ৩৯ মিনিটে তোরেসের এক শট পাঞ্চ করে সরিয়ে দেন মেলিয়ে।

দ্বিতীয়ার্ধে দলে নতুন আসা স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মোরেনোকে মাঠে নামায় লিডস। মোরেনোকে পেয়ে যেন আক্রমণের ধার আরও বেড়ে যায় দলটার। ৫৭ মিনিটে তাঁর এক শট পোস্টে লাগে। এর দুই মিনিট পরেই কর্নার থেকে আসা বলে এদেরসনের দুর্বল পাঞ্চের সুযোগ নিয়ে জটলার মধ্যে গোল করে বসেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদ একাডেমির সাবেক এই স্ট্রাইকার নয় বছর আগে ধারে খেলতে এসেছিলেন বোল্টন ওয়ান্ডারার্সের হয়ে। সেবার লিগে এক গোল করা মোরেনো নয় বছর ২৭২ দিন পর প্রিমিয়ার লিগে গোল পেলেন আবারও। লিগে দুই গোলের মাঝে এর চেয়ে দীর্ঘ সময়ের বিরতি আছে আর মাত্র একজনের, তিনি সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি জনসন। তাঁর দুই গোলের মধ্যকার ব্যবধান ছিল নয় বছর ২৭৬ দিন।

গুরু-শিষ্যে দেখা হল এভাবেই।
ছবি : রয়টার্স

পরে দুই দল হাজার চেষ্টা করেও গোল করতে পারেনি। শেষ দিকে সহজ সুযোগ নষ্ট করেছেন লিডসের ব্যামফোর্ড ও সিটির স্টার্লিং। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। ২০১৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম টানা দুই লিগ ম্যাচ জয়হীন থাকল সিটি।

ম্যাচ ড্র করে যেন দার্শনিক হয়ে গিয়েছিলেন গার্দিওলা, ‘সমাজ শুধু বিজয়ীদের দাম দেয়। এটা অনেকটা সুগন্ধির মতো। আপনি যখন জিতবেন, তখন সুগন্ধে ম ম করবে আপনার চারপাশ। কিন্তু না জিতলে দুর্গন্ধ বেরোবে আপনার থেকে।’

নিশ্চিতভাবেই লিগের দৌড়ে আট পয়েন্ট পিছিয়ে থাকা গার্দিওলার কাছে নিজেদের ‘গন্ধ’ ভালো লাগছে না!