নিজেদের টুর্নামেন্টে তলানির দল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠানে কথা বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: বাফুফে
আজ বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠানে কথা বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: বাফুফে
আগামী ১ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নিতে ছয় দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার তলানিতে অবস্থান করছে বাংলাদেশ।


বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়ের ১৯৪-তে অবস্থান করছে বাংলাদেশ। সৌভাগ্যক্রমে বাংলাদেশের নিচে কয়েকটা দেশ থাকলেও, তারা কার্যত ফুটবলে মৃত বলাই যায়। ফলে টুর্নামেন্ট আয়োজন করার জন্য ১৯৪-এর নিচে থেকে দল পাওয়া আয়োজকদের জন্য বেশ কঠিন কাজই। তাই ছয় দেশ নিয়ে আয়োজন করতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশই হতে যাচ্ছে র‍্যাঙ্কিংয়ে সবার তলানিতে অবস্থান করা দল।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপের আসর। আয়োজক হিসেবে দল বাছাইয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তা বলাই যায়। কারণ, অংশ নিতে যাওয়া ছয় দেশের মধ্যে সবার ওপর ৯৯-তে অবস্থান করছে ফিলিস্তিন, ১১৫-তে ফিলিপাইন, তাজিকিস্তান অবস্থান করছে ১২০ নম্বরে। বাকি নেপাল (১৬১) ও লাওসই (১৭৮) আছে কেবল বাংলাদেশের ধরাছোঁয়ার মধ্যে। এখন শুধু দেখার বিষয় দেশগুলো তাদের জাতীয় দল না বয়সভিত্তিক দল পাঠায়।

শক্তিশালী দল নেওয়া প্রসঙ্গে জমজমাট টুর্নামেন্ট আয়োজনের দিকেই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন, ‘আমরা শক্তিশালী দল আনতে চেয়েছি, সবাই যেন ভালো একটি টুর্নামেন্ট দেখতে পারে। হার-জিত তো আছেই, আমি চাই বাংলাদেশ শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলুক।’

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আজই অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপিং। গ্রুপ ‘বি’-তে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে ফিলিপাইন ও লাওস। গ্রুপ ‘এ’-তে ফিলিস্তিন, তাজিকিস্তান ও নেপাল। টুর্নামেন্টের জন্য নির্ধারিত হয়ে আছে দুটি ভেন্যু ঢাকা ও সিলেট। তবে দুই দিন আগে নীলফামারীতে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে টইটম্বুর দর্শক দেখে সেখানেও ম্যাচ আয়োজনের চিন্তা করছে বাফুফে।