নিজেদের তিরেই বিদ্ধ বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর ফাঁকি মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর মেসি। ফাইল ছবি।
কর ফাঁকি মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর মেসি। ফাইল ছবি।

‘আমরা সবাই মেসি’—এই হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচারণা শুরু করেছিল বার্সেলোনা। কর ফাঁকির অভিযোগে ২১ মাসের কারাদণ্ড হয়েছে লিওনেল মেসির। যদিও স্প্যানিশ আইন অনুযায়ী জেলে যেতে হবে না মেসি ও তাঁর বাবাকে; তবু বার্সা এই দুঃসময়ে মেসির পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছিল। সেটাই এখন বুমেরাং হয়ে ফিরে আসছে তাদের দিকে।
নিজেদের ওয়েবসাইটে বার্সা কাল জানিয়েছে, এই দুঃসময়ে মেসির পাশেই আছে ক্লাব। বার্সা চায়, সমর্থকেরাও মেসির পাশে এসে দাঁড়াক। মেসি জানুক, তিনি একা নন। সে জন্যই টুইটারে ওই হ্যাশট্যাগ দিয়ে মেসিকে নিয়ে ছবি বা নিজের অনুভূতি পোস্ট করার অনুরোধ করেছিল বার্সা। কিন্তু সেটি এখন হিতে বিপরীত হয়েছে। বার্সেলোনা সমর্থকেরাই এই প্রচারণার জন্য ক্লাবকে খোঁচা দিতে ছাড়ছেন না। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, মেসির ব্যাপারটা পুরোপুরি আইনগত। আদালতেই ব্যাপারটার নিষ্পত্তি হবে। আর মেসি কর ফাঁকি দিলে সেটির দায় সমর্থকেরা কেন নেবেন? পুরো ব্যাপারটি ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছেন অনেক বার্সাভক্ত।