নিজেদের তুলে ধরার ম্যাচও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল মাথায় সোহেল রানার দিকে তাকিয়ে হেমন্ত ও তপু। আজ মালয়েশিয়া যাত্রার আগে অনুশীলনে একটু নির্ভারই থাকতে চাইল বাংলাদেশ। কাল শেখ জামাল ধানমন্ডি মাঠে l প্রথম আলো
বল মাথায় সোহেল রানার দিকে তাকিয়ে হেমন্ত ও তপু। আজ মালয়েশিয়া যাত্রার আগে অনুশীলনে একটু নির্ভারই থাকতে চাইল বাংলাদেশ। কাল শেখ জামাল ধানমন্ডি মাঠে l প্রথম আলো

পার্থের ওভাল মাঠটা সবুজ গালিচা বিছিয়ে তৈরি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই মাঠেই ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি ব্যস্ত থাকবেন কোন খেলোয়াড়? উত্তরটা আপনি অনুমান করে নিতেই পারেন। বাংলাদেশের গোলরক্ষক!
সেই গোলরক্ষক এখনো চূড়ান্ত হয়নি। তবে এক নম্বর পছন্দ হিসেবে শেখ জামালের শহীদুল আলম সোহেলের সম্ভাবনাই উজ্জ্বল। তাঁর ওপর দিয়েই যে ঝড়টা বেশি বইতে পারে, তা নিয়ে চায়ের কাপের আলোচনায় সবাই মোটামুটি একমত।
চট্টগ্রামের ছেলে সোহেলের কাছেও ব্যাপারটা অজানা নয়, ‘কোচ সুযোগ দিলে এ ম্যাচে প্রচুর বল আমাকে ধরতে হবে জানি।’ সামনে কঠিন এক পরীক্ষাই। সোহেল নিজের প্রস্তুতিটা ভালো হয়েছে জানিয়ে বললেন, ‘এটি আমাদের প্রিমিয়ার লিগের ম্যাচ নয় যে পোস্টে বল কম আসবে। অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে বারের নিচে ব্যস্ত সময়ই কাটতে পারে বাংলাদেশের গোলরক্ষকের, সে যে-ই খেলুক না কেন।’
গোলরক্ষকের ব্যস্ততা কমানোর দায়িত্বটা স্বাভাবিকভাবে ডিফেন্ডারদেরই দিচ্ছেন লোডভিক ডি ক্রুইফ। কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেছেন, ম্যাচের ৮০ থেকে ৮৫ ভাগই রক্ষণ সংগঠনের ওপর জোর দেওয়ার কৌশল থাকবে লাল-সবুজের। এটাই আসলে এই ম্যাচে বাংলাদেশ দলের থিম সং।
ডিফেন্ডার আতিকুর রহমান মিশুও তা মানলেন এবং প্রতিপক্ষের জন্য ম্যাচটা কঠিন করে তোলার ওপর জোর দিচ্ছেন, ‘ম্যাচের ফল নিয়ে ভাবছি না। ওদের জন্য ম্যাচটা কঠিন করে তুলতে পারলে সেটিই হবে আমাদের সার্থকতা।’
সার্থকতার সংজ্ঞাটা আসলে একেকজন একেকভাবে দিচ্ছেন। তবে অভিন্ন কণ্ঠে বাংলাদেশ দলের প্রায় সবাই বলছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে হারটা খুবই স্বাভাবিক। তাতে কী, সম্মানজনক হারও আমাদের জন্য একটা প্রাপ্তি।’ বাংলাদেশ দলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ‘খুব ভালো খেলার চেষ্টা করব,’ ‘এটা আমাদের জন্য বড় সুযোগ’, ‘আমরা শিহরিত, রোমাঞ্চিত’। এমন ম্যাচ খেলা সৌভাগ্য হিসেবেও দেখছেন কেউ কেউ। ডিফেন্ডার তপু বর্মণের ভাষায়, ‘ম্যাচটা নিয়ে সারাজীবন গল্প করতে পারব।’
কিন্তু ফুটবল মানচিত্রে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দূরত্ব এতই যে অলক্ষ্যে একটা শঙ্কা কিন্তু উঁকি না দিয়ে পারেই না। ডিফেন্ডার নাসির অবশ্য সাহস নিয়েই খেলতে চান, ‘ওদের সঙ্গে খেলব, ভয়ের কিছু নেই।’ বাংলাদেশ দলের তরুণ তুর্কি জুয়েল রানার মনেও নাকি কোনো ভয়ডর নেই। মাত্রই আন্তর্জাতিক ফুটবলে পা রেখে চোখকাড়া এই উইঙ্গার বরং মুখিয়ে আছেন মাঠে নামতে, ‘ঢাকায় তো ভালো মাঠ পাই না। ওখানে মাঠ ভালো পেলে ভালো খেলব, ড্রিবলিং করে বক্সে ঢুকতে পারব।’
অস্ট্রেলিয়ার মতো চারবার বিশ্বকাপে খেলা এবং এশিয়ার শীর্ষ দলের সঙ্গে ‘বক্সে ঢোকা’ই বাংলাদেশের ফরোয়ার্ডদের বড় স্বপ্ন হওয়া স্বাভাবিক। তবে স্ট্রাইকার এনামুল চোখে আঁকতে চান আরও বড় কিছুই। কাল বিকেলে বাফুফে ভবন থেকে অনুশীলনে যাওয়ার পথে বললেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করা অ-নে-ক কঠিন। তবে আমি চাইব, একটা গোল যেন করতে পারি।’
অস্ট্রেলিয়ার সঙ্গে গোল করার ভাবনাটা খুব বাড়াবাড়িই বলতে পারেন অনেকে। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কী! সবচেয়ে বড় কথা, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার দিকেই বেশি মনোযোগ বাংলাদেশ দলের। উইঙ্গার জাহিদ হোসেন সেই পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যও রাখছেন, ‘ওদের খেলোয়াড়দের কাটিয়ে বক্সে ক্রস তুলতে চাই। ঘরোয়া ফুটবলে এই কাজটাই আমি বেশি করি, অস্ট্রেলিয়া ম্যাচে তা বেশি করে চাইব।’
কিন্তু পূর্বাভাস বলছে, বাংলাদেশ দলের ফরোয়ার্ডদেরও নিচে নেমেই হয়তো রক্ষণভাগকে সহায়তা দিতে হবে। আক্রমণে ওঠার ফুরসত তেমন মিলবে কী! অধিনায়ক মামুনুল অবশ্য পুরোপুরি মানতে রাজি নন, ‘শুধুই রক্ষণাত্মক খেলব না আমরা। মাঝমাঠে বল নিয়ন্ত্রণে রেখে সামনে দু-চারটি থ্রু বাড়াতে চাইব আমি।’
ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়াও দাঁড় করিয়ে ফেলেছেন নিজের লক্ষ্য। সেটি অবশ্য অন্যদের চেয়ে একটু আলাদাই, ‘এই ম্যাচে ভালো খেললে সবার নজরে পড়ব এবং বড় কোনো লিগে খেলার সুযোগও চলে আসতে পারে আমার।’
অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে শিহরণ আছে। সেই সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের সামনে নিজেদের তুলে ধরার বড় এক সুযোগও এই ম্যাচ!