নিজেদের দেখে নেওয়ার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার সঙ্গে আজকের প্রীতি ম্যাচের উদ্দেশ্য বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে আরেকটু ভালোভাবে প্রস্তুত হওয়া। কাল কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল l ছবি বাফুফে
মালয়েশিয়ার সঙ্গে আজকের প্রীতি ম্যাচের উদ্দেশ্য বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে আরেকটু ভালোভাবে প্রস্তুত হওয়া। কাল কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল l ছবি বাফুফে

অস্ট্রেলিয়ার সামনে মাথা উঁচু করে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কোচ লোডভিক ডি ক্রুইফ ও অধিনায়ক মামুনুল ইসলাম অনেকবারই তা বলেছেন। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ সামনে। ৩ সেপ্টেম্বর পার্থ ওভালে নামার আগে আজ মালয়েশিয়ার সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এটি ফিফা আন্তর্জাতিক ম্যাচই। আলাদা একটা গুরুত্ব তাই থাকছেই। হোক না ম্যাচটার গায়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির আবরণ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মেজাজ তো হারিয়ে যায়নি। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলই গায়ে গায়ে। মালয়েশিয়া ১৬৮, বাংলাদেশ ১৭০। কিন্তু র্যাঙ্কিং সব কথা বলে না। ফিফার ওয়েবসাইটে দেওয়া তথ্য, আন্তর্জাতিক ম্যাচে দুই দলের ৮ সাক্ষাতে মালয়েশিয়ার ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ১টি। অন্য ম্যাচটি ছিল ড্র।
মালয়েশিয়া যে অনেকটাই এগিয়ে বাংলাদেশের চেয়ে, তা বোঝাতে বোধ হয় আর কোনো তথ্যের প্রয়োজন নেই। তারপরও গত জানুয়ারিতে ঢাকায় বঙ্গবন্ধু কাপে গ্রুপ ও ফাইনালে দুবারই মালয়েশিয়া যুব দলের কাছে বাংলাদেশ জাতীয় দলের হারের প্রসঙ্গটাও চলে আসছে।
বাংলাদেশ কোচ ডি ক্রুইফ ম্যাচ দুটি ডাগ-আউটে বসেই দেখেছেন। কথাবার্তায় তাই বেশ সতর্ক তিনি। কুয়ালালামপুরে কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রতি দেখালেন শ্রদ্ধা ও সমীহ। বাংলাদেশের চেয়ে স্বাগতিক দলকে দ্বিধাহীনভাবেই এগিয়ে রাখলেন, ‘বঙ্গবন্ধু কাপসহ আমি তাদের অনেক ম্যাচ দেখেছি ভিডিওতে। বঙ্গবন্ধু কাপের সেই দলের সঙ্গে অনেক সিনিয়র খেলোয়াড় তারা যোগ করেছে। তাই আগের চেয়ে দলটি আরও শক্তিশালী হয়েছে। এটা হবে কঠিন লড়াই এবং দুই দলের জন্যই ভালো ম্যাচ।’
অধিনায়ক মামুনুল ইসলাম ‘ভালো ম্যাচের’ আশায় আছেন। মালয়েশিয়ার সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেদিক থেকে দলটা চেনা-জানাই। তাই কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সংবাদ সম্মেলনে মামুনুলও মালয়েশিয়ার প্রতি দেখালেন সমীহ, ‘কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের অন্তর্ভুক্তিতে ওরা আরও শক্তিশালীই হয়েছে।’ মালয়েশিয়ার সঙ্গে তাদেরই মাঠে জয় পাওয়া বাংলাদেশের জন্য কঠিনই এক মিশন। তবু মামুনুল জয়ের আশা ছাড়েননি, ‘আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়েই খেলব এবং চাইব ম্যাচটা জিততে।’
জয় পেলে সেটি যে অস্ট্রেলিয়া ম্যাচের আগে আত্মবিশ্বাসে যোগ করবে বাড়তি জ্বালানি, তা বলতেও ভোলেননি বাংলাদেশ দলের অধিনায়ক। অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের ফুটবল অনুরাগী জনতাকে ভালো একটা ফল উপহার দেওয়ারও স্বপ্ন তাঁর। মালয়েশিয়া ম্যাচটা হতে পারে সেটিরই বড় এক টনিক। কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা পৌনে ৭টায় শুরু ম্যাচটাকে তাই নিছকই প্রস্তুতি ম্যাচ হিসেবে নিচ্ছে না লোডভিক অ্যান্ড কোং।