নিজেদের পক্ষে সাফাই গাইল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজিরা দেওয়ার পর আদালত থেকে বেরিয়ে আসছেন মেসি। ছবি: ফাইল ছবি।
হাজিরা দেওয়ার পর আদালত থেকে বেরিয়ে আসছেন মেসি। ছবি: ফাইল ছবি।

প্রচারণাটা নিয়ে সমালোচনা ছিলই। ‘আমরা সবাই মেসি’—এই হ্যাশট্যাগ দিয়ে বার্সেলোনা ভক্তদের টুইটারে আহ্বান জানিয়েছিল লিওনেল মেসির পাশে দাঁড়ানোর। কর ফাঁকির অভিযোগে ২১ মাসের কারাদণ্ড হয়েছে মেসির, যদিও স্প্যানিশ আইন অনুযায়ী কারাদণ্ডের মেয়াদ দুই বছরের কম হওয়ায় জেলে যেতে হচ্ছে না এই মহাতারকার। এই দুঃসময়ে বার্সা মেসির পাশে থাকার জন্যই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হিতে বিপরীতই হয়েছে। বাধ্য হয়েই বিবৃতি দিয়ে এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করতে হয়েছে বার্সেলোনাকে।
মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে কর ফাঁকির মামলা চলছিল অনেক দিন ধরেই। গত সপ্তাহে সেটির রায় হয়েছে। মেসিকে জেলে যেতে হচ্ছে না, কিন্তু ২০ লাখ ইউরো জরিমানা দিতেই হচ্ছে। বার্সেলোনা তাই ওই হ্যাশট্যাগ দিয়ে বার্তা দিয়েছিল, তারা মেসির পাশেই আছে। কিন্তু বার্সার অনেক ভক্তই ব্যাপারটাকে খুব সহজভাবে নেয়নি। অনেকেরই কথা, পুরো ব্যাপারটাই যেখানে আদালতের নির্দেশের ব্যাপার, সেখানে মেসির পাশে দাঁড়ানোর কিছু নেই। কেউ কেউ মনে করিয়ে দিয়েছে, ক্লাব হিসেবে বার্সেলোনা তো আর কর ফাঁকি দেয়নি! সে ক্ষেত্রে মেসি যদি কোনো অন্যায় করেই থাকেন, সে দায় তারা নেবে কেন? প্রচারণাটাকে অনেকেই হাস্যকর বলছেন সরাসরিই।
গতকাল বার্সার মুখপাত্র জোসেপ ভিভেস এক বিবৃতিতে বার্সার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন, ‘আমরা এমন একটা বিতর্কে জড়িয়ে পড়েছি, যেখানে মনে হচ্ছে, বার্সা নিজেই কর ফাঁকি দেওয়ার অপরাধ করেছে। কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমরা এমন একজনের পাশে দাঁড়াচ্ছি, যার প্রতি সুবিচার হয়নি।’ সূত্র: এএফপি।