নিজেদের পর লিগের লজ্জার ইতিহাসও গায়ে মাখাল আর্সেনাল
মিকেল আরতেতাকে কোচ করে আনার পর খুব অল্প সময়ের মধ্যে দুটি শিরোপা জিতেছিল আর্সেনাল। এর পুরস্কার হিসেবে ক্লাবের অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন এই সাবেক খেলোয়াড়। কিন্তু গত মৌসুম থেকে দুর্দশা চলছে তাদের। বহু বছর পর ইউরোপিয়ান ফুটবলে জায়গা না করতে পারা আর্সেনালের শুরুটা এই মৌসুমে হয়েছে আরও ভয়াবহ। আজ ম্যানচেস্টার সিটির মাঠে ৫-০ গোলে হেরেছে আর্সেনাল।
শুধু হেরেছে বললে একটু কমিয়ে বলা হয়। রীতিমতো উড়ে গেছে দলটি। পেপ গার্দিওলার দলের সামনে ম্যাচের প্রথম মিনিট থেকেই পিছিয়ে ছিল দলটি। প্রথমার্ধেই তিন গোল হজম করার সঙ্গে একটি লাল কার্ডও দেখেছে দলটি। দ্বিতীয়ার্ধে খেলায় আরও পিছিয়ে তারা। প্রথম দুই ম্যাচে হেরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরু করা আর্সেনাল আজ তাই লিগ ইতিহাসেরই এক লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে।
ম্যাচে সাত মিনিটেই ইলকায় গুন্দোয়ানের গোলে পিছিয়ে যায় আর্সেনাল। ১২ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। ৩৫ মিনিটে দলের জন্য নিজেকে বোঝা বলে আরেকবার প্রমাণ করে লাল কার্ড দেখেছেন আর্সেনালের গ্রানিত জাকা। ২০১৬-১৭ মৌসুমের শুরু থেকে শুধু সিটির ফার্নান্দিনিও এবং আর্সেনাল-চেলসির ডেভিড লুইজ জাকার মতো চারবার লাল কার্ড দেখেছেন। ১০ জনের আর্সেনালের দুর্বলতা কাজে লাগিয়ে ৪৩ মিনিটে আরেকটি গোল পেয়ে যায় সিটি। এবার গোলদাতা গ্যাব্রিয়েল জেসুস। প্রথমার্ধে ৭৫ শতাংশ সময় বল দখলে ছিল সিটির।
দ্বিতীয়ার্ধে বলের দখল আরও বেড়েছে সিটির। আর হাপিত্যেশ করে মরেছে আর্সেনাল। ৫২ মিনিটে রদ্রি গোলটি তো বল দখলে রেখে প্রতিপক্ষকে হতাশ করারই প্রতিফলন। তখন মনে হয়েছিল, নিজেদের সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ডটি আজ করেই ফেলবে আর্সেনাল। তবে ম্যাচের বাকি সময় বিস্ময়করভাবে আর একটি গোলই করেছে সিটি। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়েছেন তোরেস। ম্যাচটা মাত্র ১৯ শতাংশ বল দখল নিয়ে শেষ করেছে গানার্স।
প্রিমিয়ার লিগ ইতিহাসে এর আগে আর্সেনালের সবচেয়ে কম দখলের রেকর্ডটি ছিল ২০২০ সাল। লিভারপুলের বিপক্ষে সেদিন মাত্র ৩১ শতাংশ সময় বল পায়ে ছিল আর্সেনালের। সে রেকর্ড আজ অনেক বড় ব্যবধানেই টপকেছে আর্সেনাল। আর আজ প্রতিপক্ষের দিকে মাত্র একটি শট নিয়েছে আর্সেনাল। ফুটবলের তথ্য–উপাত্ত রাখা শুরুর পর এত কম শট কখনো নেয়নি আর্সেনাল
তবে এ রেকর্ডের চেয়ে অন্য দুটি রেকর্ডই বেশি জ্বালাবে আর্সেনালকে। প্রথম দুই ম্যাচে কোনো গোল না করে হেরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরু করেছিল আর্সেনাল। আজ তো হারের সঙ্গে ৫টি গোলও খেয়েছে। ফলে তিন ম্যাচ শেষে কোনো পয়েন্ট নেই আর্সেনালের। কোনো গোলও নেই। সে সঙ্গে গোল হজমও করেছে ৯টি।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে এত বাজে শুরু মাত্র এক দলই করেছিল। ২০০৩-০৪ মৌসুমে অমন শুরু করা উলভারহ্যাম্পটন সে মৌসুমে লিগে ২০তম হয়েছিল। আর সর্বশেষ যখন প্রথম তিন ম্যাচেই হেরেছিল আর্সেনাল, তখনো ইংল্যান্ড বিশ্বকাপ জেতেনি (১৯৫৪-৫৫ মৌসুম)। আর এর আগে আর্সেনালের প্রথম তিন ম্যাচে গোল করতে না পারার সর্বশেষ স্মৃতি আরও এক বছর পুরোনো।