নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের মহিমাটাই এমন। জিততে থাকলে মনে হয়, সবই ঠিকঠাক চলছে। গোলমাল হয় তখনই, যখন সেই জয়রথ থেমে গিয়ে হারের পালা আসে। জিততে থাকলে যে ভুলগুলো আড়ালে থেকে যায়, হারের বাস্তবতা সেগুলোকেই অনেক বড় করে সামনে নিয়ে আসে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে ব্রাজিল সেই বাস্তবতার মুখোমুখি। যেখানে দাঁড়িয়ে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার উপলব্ধি, এই ব্রাজিলকে চিরচেনা ব্রাজিল হয়ে উঠতে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
কোপা আমেরিকার ব্যর্থতার পর আত্মবিশ্লেষণের উদ্দেশ্যে ব্রাজিলের কয়েকজন সাবেক কোচিং স্টাফকে নিয়ে গত সোমবার বৈঠকে বসেছিলেন কোচ দুঙ্গা। কোচিং স্টাফদের নাম অবশ্য জানা যায়নি। তবে বৈঠকের পর গ্লোবো স্পোর্ত-এর সঙ্গে আলাপচারিতায় দুঙ্গা বলেছেন, ‘এর মধ্য থেকেও আমাদের ইতিবাচক দিকটা দেখতে হবে। আমরা তো সব সময় জিততে পারব না। কিন্তু এগিয়ে যাওয়ার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের সবারই আরও অনেক উন্নতি করতে হবে।’
গত বছর ৮ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে লজ্জার অধ্যায়ই লিখেছিল ব্রাজিল। কাল সেটার এক বছর পূর্ণ হলো। স্বভাবতই প্রসঙ্গটা এসেছে আলোচনায়। তবে ব্রাজিল কোচ শুধু লজ্জাটা নয়, মনে রাখতে চান গৌরবের কথাও, ‘এই তারিখটা তো একটা ছাপ রেখেই যাবে, যেমন রেখে গেছে ১৯৫০ সালের সেই মারাকানাজো। আবার আমরা যে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, সেই কথাটাও থাকবে পাশাপাশি।’ দুঙ্গা মনে করেন, আত্মশুদ্ধির জন্য মাঝেমধ্যে এমন ধাক্কার দরকার, ‘এই ধাক্কাটা দরকার এটা বোঝার জন্য যে বিশ্ব ফুটবলের কর্তৃত্ব ফিরে পেতে হলে আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে। একই সঙ্গে আমরা এটাও জানি যে কাজটা মোটেই সহজ নয়।’
ব্রাজিল যে তার চিরচেনা রূপটা হারিয়েছে সেটা এখন তাদের মাঠের খেলাতেও স্পষ্ট। যে ব্রাজিল দলটি একসময় বিশ্ব ফুটবলের সব মহাতারকার মেলা ছিল, সেটাই এখন হয়ে উঠেছে পুরোপুরি নেইমারনির্ভর দল। দ্বিতীয় দফায় দুঙ্গা দায়িত্ব নেওয়ার পর টানা ১১ ম্যাচ জেতায় এই দুর্বলতাগুলো নিয়ে অত কথা হয়নি। তবে কোপা আমেরিকায় ব্যর্থতা সেই প্রশ্নগুলোকেই বড় করে আনল সামনে। দুবারের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার কাফু যেমন বলেই দিয়েছেন, ‘ব্রাজিল প্রতিপক্ষের শ্রদ্ধা হারিয়েছে। প্রতিপক্ষরা এখন আর আমাদের ভয় পায় না।’ ১৯৮২ বিশ্বকাপ খেলা সাবেক ব্রাজিল মিডফিল্ডার পাওলো রবার্তো ফ্যালকাও সমাধান দিয়েছেন, ‘আমাদের যে মহাতারকাই লাগবে এমন নয়। তবে গড়পড়তা মানের চেয়ে ভালো কিছু খেলোয়াড় খুঁজতে হবে।’ সেটা কী রকম? ফ্যালকাও উদাহরণ টেনেছেন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির, ‘জার্মানির যে দলটি গতবার বিশ্বকাপ জিতল তাদের দলে কিন্তু মহাতারকা নেই। কিন্তু ওদের ৫ জন খেলোয়াড় আছে যারা গড়পড়তা মানের চেয়ে অনেক ভালো।’ এএফপি।