নিজেদেরই ফেবারিট ভাবছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যায় অনুশীলনে ব্যস্ত সানজিদা-মার্জিয়ারা। কাল তাদের অনুশীলন গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন জাতীয় দলের কোচ টম সেন্টফিট ও প্রথম বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ২৭ আগস্ট ঢাকায় শুরু এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্ব। এই চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেই ফ্লাডলাইটের আলোয় চলল মেয়েদের ওই অনুশীলন।
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্বের ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইরান, চীনা তাইপে, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়ন দলটি আগামী বছর থাইল্যান্ডে খেলবে চূড়ান্ত পর্বে।
বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা গত দুই বছর ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। ২০১৫ সালে নেপালের পর এ বছর মে মাসে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওই দুটি টুর্নামেন্টের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে এবারের দলটি। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। এই দলে ময়মনসিংহের কলসিন্দুরের রয়েছে নয়জন—তাসলিমা, শিউলি, শামসুন্নাহার, সানজিদা, মার্জিয়া, মারিয়া, তহুরা, মাহমুদা ও নাজমা। বাকিদের মধ্যে রাজশাহীর নার্গিস, সাতক্ষীরার মাসুরা, রাঙামাটির মনিকা, আনুচিং, আনাই, রংপুরের মৌসুমী, স্বপ্না, সুলতানা, রত্না, টাঙ্গাইলের কৃষ্ণা, রুমা, কুষ্টিয়ার নীলা, সিরাজগঞ্জের আঁখি, সিলেটের রুকসানা চূড়ান্ত দলে সুযোগ পেয়েছে।
বিদেশে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি এই মেয়েরা। তবে দেশেই সিনিয়র দলের সঙ্গে তিনটি ম্যাচ খেলে সব কটিই জিতেছে সানজিদারা। কোচ গোলাম রব্বানী নিজেদের ফেবারিটই ভাবছেন, ‘এই গ্রুপটা কঠিন। এখানে চীনা তাইপে, ইরানের মতো শক্তিশালী দল আছে। তারপরও আমাদের মেয়েরা গত দুই বছর যেভাবে পারফরম্যান্স করেছে তাতে আমরাও আশাবাদী, এই টুর্নামেন্টে আমরাও অন্যতম ফেবারিট।’
২৭ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ ইরানের সঙ্গে, ২৯ আগস্ট দ্বিতীয় ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে। এরপর ৩১ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর তিন ম্যাচের প্রতিপক্ষ কিরগিজস্তান, চীনা তাইপে ও সংযুক্ত আরব আমিরাত। খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।