নিজের কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে স্তব্ধ জাভি
বার্সেলোনার তৃণমূল ফুটবলের সাবেক সমন্বয়ক ও এসকোলা বার্সেলোনার শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক আলবার্ত বানাজাসের বিপক্ষে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। কাতালান পত্রিকা আরার অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, ২০ বছরের বেশি সময় ধরে বার্সেলোনার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন হেনস্তা করেছেন বানাজাস। আরা বলছে, বিদ্যালয়ের ৬০–এর বেশি সাবেক শিক্ষার্থী তাদের সঙ্গে কথা বলেছেন এবং বানাজাসের বিপক্ষে অভিযোগ জানিয়েছেন।
এরই মধ্যে এক শিক্ষার্থী এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছে। আরা বলছে, খুব শিগগিরই আরও শিক্ষার্থী সে পথে এগোবে। সাবেক বার্সেলোনা কর্মকর্তা বানাজাস অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে তাঁর সাবেক ছাত্র ও বার্সেলোনার বর্তমান কোচ জাভি এমন অভিযোগে বিস্ময় প্রকাশ করে বলেছেন, এমন অভিযোগে তিনি স্তব্ধ।
১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনার একাডেমির গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বানাজাস। বার্সেলোনার সর্বকালের সেরা দলটির বেড়ে ওঠার সময়টাতেই দায়িত্বে ছিলেন তিনি। তাঁর সময়েই আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি উঠে এসেছেন লা মাসিয়া থেকে। লা মাসিয়ার বিখ্যাত ছাত্রদের কেউ অবশ্য বানাজাসের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি।
আজ রাতে লিগে ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাভি কথা বলতে এসেছিলেন দলের মানসিক অবস্থা, স্ট্রাইকারের সংকট নিয়ে। কিন্তু সংবাদ সম্মেলনে বানাজাসের সাবেক শিষ্যকে পেয়ে সাংবাদিকেরা এ নিয়েই কথা বলতে চেয়েছিলেন। জাভি এ ব্যাপারে নিজের বিস্ময় প্রকাশ করেছেন, ‘এমন ঘটনার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তার মানে এটা নয় যে এমন কিছু ঘটেনি। তিনি আমার কোচ ছিলেন এবং আমার মনে কখনো সন্দেহ জাগেনি। আমি খুবই বিস্মিত ও স্তব্ধ। এটা আশা করিনি।’
এ ব্যাপারে কিছু না জানলেও এমন অভিযোগ শোনার পর নড়েচড়ে বসেছেন জাভিরা। ক্লাবে এ নিয়ে যে বেশ আলোচনা হচ্ছে, সেটা স্বীকারও করে নিয়েছেন, ‘এটা খুবই স্পর্শকাতর, খুবই জটিল একটি বিষয়। আমি কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছি। কারণ, আমরা সবাই আলবার্ত বানাজাসকে খুব ভালোবাসি। সবাই খুব অবাক হয়েছি। আমাদের সবসময় খুব ভালো সম্পর্ক ছিল এবং তিনি ক্লাবে তাঁর ছাপ রেখে গেছেন। এখন বিচারব্যবস্থাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’
২০১১ সালে বার্সেলোনা ছেড়ে যাওয়া বানাজাসকে এই এপ্রিলেই ক্লাবে ফিরিয়েছিলেন হোয়ান লাপোর্তা। মার্চে নতুন করে ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েই এ সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে বেশ আলোড়ন ফেলে দিয়েছিলেন লাপোর্তা। কিন্তু সে সিদ্ধান্তই এখন বুমেরাং হওয়ার দশা। আরা দাবি করেছে, বানাজাসের ব্যাপারে তদন্ত করা হচ্ছে জেনেই নাকি তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছে ক্লাব। ‘ব্যক্তিগত কারণে’ ২ ডিসেম্বর পদত্যাগ করেন বানাজাস।
বানাজাসের ঘটনায় তাই সমালোচনা হচ্ছে লাপোর্তারও। বার্সেলোনা সভাপতি বলছেন, ব্যাপারটা খতিয়ে দেখছেন তাঁরা, ‘যিনি ব্যক্তিগত কারণে ক্লাব ছেড়েছেন, তাঁকে খেলোয়াড় খুঁজে বের করার ও তরুণদের প্রতিভা বোঝার জন্যই ক্লাব চাকরি দিয়েছিল। এখন ক্লাব এ ব্যাপারে সব তথ্য জোগাড় করছে, যাতে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া যায়। আমি এটাও বলে দিচ্ছি, তাঁর এই ব্যাপারের সঙ্গে বার্সেলোনাকে কেউ যুক্ত করতে চাইলে ক্লাব নিজেদের আইনি স্বার্থ রক্ষায় কড়া জবাব দেবে।’