নিজের কোনো সম্ভাবনা দেখেন না নয়্যার

ম্যানুয়েল নয়্যার তাঁর ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনাই দেখেন না। ফুটবলের এই সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের সংক্ষিপ্ততম তালিকায় নিজের নাম দেখে খুশি হয়েছেন। কিন্তু খুব একটা আশাবাদী হতে পারছেন না। তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির চেয়ে তিনি নিজেকে পিছিয়ে রাখেন ফুটবলীয় গ্ল্যামারের দিক দিয়ে। দুই প্রতিদ্বন্দ্বীর ফরোয়ার্ড পরিচয়ের বিপরীতে গোলরক্ষক পরিচয়টাই এবারের ব্যালন ডি’অর লাভের ব্যাপারে তাঁকে পিছিয়ে রাখছে বলে অভিমত তাঁর। রসিকতা করে বলেছেন, ‘আমি কীভাবে ব্যালন ডি’অর পাই? রোনালদো-মেসির গোলসংখ্যা যে আমার চেয়ে অনেক বেশি!’
রসিকতাচ্ছলে আসল কথাটিই বলে দিয়েছেন নয়্যার। গোলসংখ্যা! ব্যালন ডি’অরের দামামায় যেখানে গোলের বন্যা বইয়ে দিয়েছে রোনালদো ও মেসি, সেখানে নয়্যারের কাজ যে ওই গোল ঠেকিয়ে যাওয়াই। ফুটবল মাঠে তাঁর ভূমিকাটাই যে তাঁকে ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে রাখছে অনেকটাই। জার্মানির বিল্ড পত্রিকাকে নিজের ব্যালন ডি’অর পাওয়ার বিষয়ে বলেছেন, ‘আসলে গোলরক্ষকেরা এই পুরস্কারের ক্ষেত্রে খুব একটা গোনায় আসে না। ২০০২ সালে দুর্ধর্ষ পারফরম্যান্সের পরেও এই পুরস্কারের জন্য বিবেচনায় আসেননি অলিভার কান।’ নয়্যার ঠিকই বলেছেন। নির্দিষ্ট করে বললে রাশিয়ান কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের পর আর কোনো গোলরক্ষকই ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য বিবেচিত হননি। এবার যদি নয়্যার কোনোভাবে এটা পেয়ে যান, তা স্থান করে নেবে ইতিহাসেই।
নিজের সম্ভাবনা না দেখলেও অস্ফুট আশাবাদে আবারও উচ্ছ্বসিত হয়ে ওঠে তাঁর মন। রোনালদো-মেসি বিশ্বকাপ জেতেনি, আমি বিশ্বকাপ বিজয়ী দলের গোলরক্ষক। এ বছরের জুনে আমার বিশ্বকাপজয়ী দলের গোলবার আগলানো কিংবা বিশ্বকাপে সেরা গোলরক্ষক হওয়ার বিষয়টি কী এতটাই ফেলনা? এমন একটা বিষয় বিবেচনায় আসবে না ব্যালন ডি’অরের ক্ষেত্রে?
বিল্ড পত্রিকার সঙ্গে আলাপচারিতায় এসেছে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ। ফাইনালে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ নস্যাৎ করেছিলেন তিনি। গঞ্জালো হিগুয়েইনের মাথার ওপর লাফিয়ে বলকে এক ঘুষিতে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারটি কিন্তু ছিল যথেষ্ট বিপজ্জনক। নয়্যারের শরীরের তোরে বেশ ভালোই আঘাত পেয়েছিলেন হিগুয়েইন। অনেক আর্জেন্টিনা সমর্থক মনে করেন ওই ঘটনায় লালকার্ড পেতে পারতেন জার্মান গোলরক্ষক। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে একটু অবাকই হয়েছেন তিনি, ‘আমি লালকার্ড পেতে যাব কেন? আমি তো বলে চার্জ করেছি। হিগুয়েইন কোনো অবস্থাতেই বল তাড়া করছিল না। আমি আইনের বাইরে যেয়ে সেদিন কিছু করিনি।’
সবশেষে ব্যালন ডি’অরের ব্যাপারে রোনালদো আর মেসিকে শুভকামনাই জানিয়েছেন নয়্যার, ‘কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বিশ্বের সেরা দুই ফরোয়ার্ড রোনালদো-মেসি। তাঁরা নিজেদের দেশেরও গুরুত্বপূর্ণ সম্পদ। এই দুই ফুটবলারের প্রতিপক্ষ তাঁদের ঠেকাতে নানামুখী পরিকল্পনা করে। বেশির ভাগ ক্ষেত্রেই ওই সব পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্যালন ডি’অর পুরস্কারটি এই দুই ফুটবলারেরই প্রাপ্য।’