নিজের খোঁড়া খাদেই পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালে যদি নিজে উদ্যোগ নিয়ে ফিফা নৈতিকতা কমিটিকে পুনর্গঠন না করতেন, তাহলে আজ সেপ ব্ল্যাটারকে এত দুর্ভোগ পোহাতে হতো না
সেপ ব্ল্যাটার
সেপ ব্ল্যাটার

এখন নিশ্চয়ই সেপ ব্ল্যাটারের খুব আফসোস হচ্ছে। ২০১২ সালে যদি নিজে উদ্যোগ নিয়ে ফিফা নৈতিকতা কমিটিকে পুনর্গঠন না করতেন, তাহলে আজ তাঁকে এত দুর্ভোগ পোহাতে হতো না। পুনর্গঠনের ফলে পাওয়া ক্ষমতাতেই তো ব্ল্যাটার আর মিশেল প্লাতিনিকে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়ে দিল নৈতিকতা কমিটি। নিজের খোঁড়া খাদে পড়লেন ব্ল্যাটার নিজেই!
আসলে ২০০৬ সালের আগ পর্যন্ত ফিফা নৈতিকতা কমিটি বলতেই কিছু ছিল না। তখন যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল ফিফার শৃঙ্খলা কমিটির। সেই কমিটির কাজের ব্যাপ্তি অবশ্য এত ছিল না। মূলত তারা খেলোয়াড় কিংবা দলগুলোর শৃঙ্খলাভঙ্গের ব্যাপার দেখাশোনা করত, ছোটখাটো শাস্তি দিত। ২০০৬ বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে আয়সংক্রান্ত দুর্নীতিতে ফিফার সাবেক সহসভাপতি জ্যাক ওয়ার্নারের নাম জড়িয়ে পড়ার পর ফিফার কার্যনির্বাহী কমিটি তখন এ ধরনের ব্যাপারগুলো সামাল দিতে আলাদা একটা কমিটি করার কথা ভাবল। মূলত ওই ঘটনার পরই ফিফার নৈতিকতা কমিটির জন্ম। যেটির প্রথম প্রধান ছিলেন সাবেক ব্রিটিশ অ্যাথলেট ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) বর্তমান সভাপতি সেবাস্তিয়ান কো।
গঠিত হয়েছিল ওই সময়ই, তবে কয়েক বছর ধরে এটি স্রেফ একটি নখদন্তহীন কমিটির মতোই ছিল। পরে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক বেছে নেওয়ার প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে কার্যনির্বাহী কমিটি থেকেই নৈতিকতা কমিটিকে আবারও পুনর্গঠন করার দাবি ওঠে। সেপ ব্ল্যাটার নিজেই তখন এটিকে পুনর্গঠন করার উদ্যোগ নেন। ২০১২ সালে বুদাপেস্টে হওয়া ফিফা কংগ্রেসও সেই প্রস্তাব অনুমোদন করে। মূলত তখন থেকেই দুটি আলাদা বিভাগ নিয়ে নৈতিকতা কমিটি যাত্রা শুরু করে। এর একটি বিভাগের কাজ ফুটবল ও ফিফাসংক্রান্ত যাবতীয় দুর্নীতির তদন্ত করা, অন্য বিভাগের কাজ সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের শাস্তি দেওয়া।

অবশ্য নৈতিকতা কমিটির কাছ থেকেই নিষেধাজ্ঞা পাওয়ার পর সেপ ব্ল্যাটার দাবি করেছিলেন, ‘এই কমিটির কোনো এখতিয়ার নেই ফিফা সভাপতির বিপক্ষে যাওয়ার। ফিফা সভাপতিকে পদচ্যুত করতে পারে শুধু ফিফা কংগ্রেস। অন্য কোনোভাবে আপনি নতুন সভাপতি নির্বাচিত করতে পারেন না।’
তাঁর এই কথার সঙ্গে স্পষ্টত বৈপরীত্য নৈতিকতা কমিটির তদন্ত বিভাগের প্রধান তদন্ত কর্মকর্তা কর্নেল বর্বলির, ‘আমি ফিফার কারও কাছ থেকে কোনো আদেশ নিই না। কার বিপক্ষে তদন্ত করতে হবে কিংবা আদৌ করতে হবে কি না, সেই সিদ্ধান্ত একা আমিই নিই। যিনিই নিয়ম ভঙ্গ করবেন, তিনি আমাদের তদন্তের আওতায় আসবেন, তাঁর পদ কিংবা অবস্থান যা-ই হোক।’ সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যে কাউকে নিষিদ্ধ করার ক্ষমতাও নৈতিকতা কমিটির আছে বলে মত দিয়েছেন কর্নেল বর্বলি।
আছে যে সেটা তো দেখাই যাচ্ছে। নৈতিকতা কমিটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ৭৯ বছর বয়সী ব্ল্যাটারকে আরও কঠিন শাস্তি দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে ব্ল্যাটারের বয়সটাও বিবেচনায় নেওয়া হয়েছে।
তবে এখন ব্ল্যাটার কিংবা প্লাতিনি যে শাস্তি পেয়েছেন সেটাও তো কম নয়! ৮ বছর ফুটবল-সংশ্লিষ্ট সব কর্মকাণ্ড থেকেই নিষিদ্ধ থাকার অর্থ দুই ফুটবল প্রশাসকই জুরিখে ফিফা ভবনেও ঢুকতে পারবেন না। ফিফা কিংবা উয়েফার কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না, এ দুটি সংগঠনের পক্ষে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দিতে পারবেন না। এমনকি যদি কখনো মাঠে বসে খেলা দেখারও ইচ্ছে হয়, যেতে হবে সাধারণ দর্শকের মতো টিকিট কেটে! রয়টার্স।