নিজের দেশের কোচ না থাকাই কাল হলো বেলজিয়ামের?

>বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো দেশ বিদেশি কোচ নিয়ে শিরোপা জিততে পারেনি। বেলজিয়ামের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজের সামনে অনেক বড় একটা সুযোগ ছিল এই ধারাটা ভেঙে ফেলার। তিনি তা পারলেন কোথায়!
১৯৩০ থেকে ২০১৪ পর্যন্ত বিশ্বকাপ আয়োজিত হয়েছে ২০টি। মজার ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত ভিনদেশি কোচ নিয়ে কোনো দল শিরোপা জিততে পারেনি। এবারের রাশিয়া বিশ্বকাপেও সেই ধারাটা বজায় থাকছে গতকাল প্রথম সেমিফাইনালে বেলজিয়াম হেরে যাওয়ায়। ফাইনালে ওঠা ফ্রান্সসহ আজ রাতের দ্বিতীয় সেমিফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া—বিদেশি কোচ নেই কারোরই। কেবল বেলজিয়ামের দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজ। তবে কি বেলজিয়াম শিরোপার লড়াই থেকে বাদ পড়ল ‘দেশি’ কোচ না থাকার কারণে?
বিশ্বকাপে অতীতে বিদেশি কোচ নিয়ে শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন দুটি দেশ। ১৯৫৮ সালে সুইডেন আর ১৯৭৮ সালে হল্যান্ড। সুইডেনকে ফাইনালে তুলেছিলেন ইংলিশ কোচ জর্জ রেইনর। অস্ট্রীয় কোচ আর্নস্ট হ্যাপল ছিলেন হল্যান্ডের কোচ। কিন্তু কোনোবারই এই বিদেশি কোচরা শিরোপা জয়ের গৌরব গায়ে মাখতে পারেননি।
এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি দেশই বিদেশি কোচ নিয়ে খেলতে এসেছিল। কিন্তু শিরোপার সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল বেলজিয়ামই। কিন্তু ইতিহাসেই আস্থা রাখল বিশ্বকাপ।
ভবিষ্যতে শিরোপাপ্রত্যাশী দেশগুলো ব্যাপারটি মাথায় রাখবে কি না, সেটি সময়ই বলে দেবে।
বিশ্বকাপ | জয়ী দল | কোচ |
১৯৩০ | উরুগুয়ে | আলবার্তো হোরাসিও সুপ্পিচি (উরুগুয়ে) |
১৯৩৪ | ইতালি | ভিত্তোরিও পোজ্জো (ইতালি) |
১৯৩৮ | ইতালি | ভিত্তোরিও পোজ্জো (ইতালি) |
১৯৫০ | উরুগুয়ে | হুয়ান লোপেজ ফন্তানা (উরুগুয়ে) |
১৯৫৪ | পশ্চিম জার্মানি | জোসেপ হারবার্গার (পশ্চিম জার্মানি) |
১৯৫৮ | ব্রাজিল | ভিসেন্তে ইতালো ফিওলা (ব্রাজিল) |
১৯৬২ | ব্রাজিল | আয়মোরে মোরেইয়া (ব্রাজিল) |
১৯৬৬ | ইংল্যান্ড | স্যার আলফ র্যামসে (ইংল্যান্ড) |
১৯৭০ | ব্রাজিল | মারিও জাগালো (ব্রাজিল) |
১৯৭৪ | পশ্চিম জার্মানি | হেলমুত শোয়েন (পশ্চিম জার্মানি) |
১৯৭৮ | আর্জেন্টিনা | সিজার লুইস মেনোত্তি (আর্জেন্টিনা) |
১৯৮২ | ইতালি | এনজো বিয়ারজোত (ইতালি) |
১৯৮৬ | আর্জেন্টিনা | কার্লোস বিলার্দো (আর্জেন্টিনা) |
১৯৯০ | পশ্চিম জার্মানি | ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি) |
১৯৯৪ | ব্রাজিল | কার্লোস আলবার্তো প্যারেইরা (ব্রাজিল) |
১৯৯৮ | ফ্রান্স | আইমে জ্যাক (ফ্রান্স) |
২০০২ | ব্রাজিল | লুই ফেলিপে স্কলারি (ব্রাজিল) |
২০০৬ | ইতালি | মার্সেলো লিপ্পি (ইতালি) |
২০১০ | স্পেন | ভিসেন্তে দেল বস্ক (স্পেন) |
২০১৪ | জার্মানি | জোয়াকিম লো (জার্মানি) |