নিজের বক্তব্যে অটল ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমা চাইবেন? ফুঁ! জ্লাতান ইব্রাহিমোভিচের অভিধানে ওসব কিছু নেই। গত ১৫ মার্চ বোর্দোর সঙ্গে হারের পর রেফারিকে ধুয়ে দিয়েছিলেন ইব্রা। ফ্রান্সকে তাচ্ছিল্য করে বলেছিলেন, এই ফ্রান্সে পিএসজির মতো ক্লাব মানায় না। ইব্রার এই কথার ব্যাখ্যা চেয়ে তাঁকে ডেকে পাঠিয়েছিল লিগ ওয়ানের শৃঙ্খলা কমিটি। সেখানেও নিজের বক্তব্য থেকে সরেননি। চার ম্যাচের নিষেধাজ্ঞা এসেছে এর পরই।
কিন্তু এত কিছুর পরও পিএসজির সুইডিশ স্ট্রাইকার নিজের বক্তব্যকেই সত্য বলছেন, ‘আমি খুশি, কারণ আমি যা বলেছি সেটার প্রমাণ মিলেছে। এখন মানুষ নিজের চোখেই দেখতে পারছে কী হচ্ছে। পুরো পরিস্থিতিটাই একটা তামাশা ছাড়া আর কিছু নয়, হাস্যকর ও অপেশাদার। ফুটবলের জন্য এটা অপমান।’ চার ম্যাচ নয়, বরং নিজের কথার জন্য পুরো মৌসুম নিষিদ্ধ হতেও আপত্তি নেই ইব্রার, ‘ওরা যদি আমাকে মৌসুমের বাকিটা সময় নিষিদ্ধ করত তাহলেও খুশি হতাম। অন্তত ছুটিটা ভালোভাবে কাটাতে পারতাম।’
ইব্রার দাবি, রেফারিকে নিয়ে অন্যায্য কিছু বলেননি, ‘এসবের কোনো ভিত্তি নেই। আমি তো রেফারিকে নিয়ে কিছু বলিনি। আমাদের খুব স্বাভাবিক কথাবার্তা হয়েছে, তিনি আমাকে সেটি নিশ্চিত করেছেন। আমি তাঁকে কিছু বললে তখনই ক্ষমা চেয়ে নিতাম।’
চার ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লিগে নিস, লিল, মেতজ ও নঁতের সঙ্গে ম্যাচে বাইরে বসে থাকতে হবে ইব্রাকে। দ্বিতীয় রাউন্ডে লাল কার্ড দেখার জন্য খেলতে পারবেন না বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও। এএফপি।