নিজের মতোই থাকতে চান নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য অনেক ব্রাজিলিয়ানের মতো উপভোগের মন্ত্র আছে তাঁর রক্তেও। মাঠে যেমন, মাঠের বাইরেও নেইমার তেমনি হাসিখুশি, জীবনকে চুটিয়ে উপভোগ করেন। এই জীবনধারা অনেকের কাছে ভালো না-ও লাগতে পারে, তবে এটি বদলাতেও চান না ব্রাজিল অধিনায়ক।
রিও অলিম্পিকের প্রস্তুতির জন্য এখন দলের সঙ্গে ব্রাজিলেই আছেন বার্সেলোনা ফরোয়ার্ড। ‘পার্টি বয়’ নেইমারের মাঠের বাইরের জীবন-যাপন ব্রাজিলের প্রথম অলিম্পিক সোনা জয়ের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় কি না—এমন প্রশ্ন তুলেছে সংবাদমাধ্যম। যার উত্তরে গত পরশু সংবাদ সম্মেলনে ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, আমি মাঠে কী করি সেটি নিয়েই আপনাদের আগে ভাবা উচিত। মাঠের বাইরের সময়টা একান্তই আমার।’
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচের পরও নেইমার নৈশক্লাবে গিয়েছিলেন উদ্যাপনে। সেটি নিয়ে প্রশ্ন করায় একটু উত্তেজিত নেইমার উত্তর দেন, ‘ধরুন আপনার বয়স ২৪। আয় আমার মতোই। আমার যা কিছু আছে, সবই আছে আপনার। তাহলে আপনিও কি আমার মতোই করতেন না?’
ব্যক্তিজীবনের বাইরে নেইমার কথা বলেছেন ব্রাজিলের অলিম্পিক স্বপ্ন নিয়েও। এই স্বপ্নের মূল সারথি তিনিই। কদিন আগে ব্রাজিল কোচ রোজেরিও মিকালে সরাসরিই বলেছেন, ‘আমি নেইমারের ওপরই নির্ভর করি।’ ব্রাজিল ফরোয়ার্ড নিজেও সেটি জানেন। ক্লাব-সতীর্থ লিওনেল মেসির উদাহরণ টেনে বলেন, ‘নিজেকে নিয়ে কথা বলতে ভালো লাগে না আমার। তাই বার্সেলোনার উদাহরণই দিচ্ছি। দুর্দান্ত অনেক খেলোয়াড় আছে আমাদের, কিন্তু আমরা কি কখনো অস্বীকার করি যে, আমরা মেসির ওপরই নির্ভর করি? অবশ্যই না। সেরা খেলোয়াড়ের ওপরই সবাই নির্ভর করে।’
চার বছর আগে লন্ডন অলিম্পিকেও অবশ্য নেইমারই ছিলেন ব্রাজিলের বড় নির্ভরতা। সেবার ভাগ্য সহায় হয়নি, রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সেলেসাওদের। তবে এবারও তেমন কিছু হতে পারে না, এমন ভয় মাথায়ই আনছেন না নেইমার, ‘হারের ভয় আমার নেই। হারের ভয় থাকলে আপনার জয়ের ইচ্ছে কমে যাবে। যদি হারি, আমরা মাথা উঁচু করেই বিদায় নেব, সেটির সঙ্গে মানিয়েও নেব। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন, জয়ের জন্য যা কিছু করা সম্ভব, সবই করব আমরা।’ রয়টার্স।