নিজেরই ফাউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনাটির দুটি ব্যাখ্যা হতে পারে—হয় ভূত সওয়ার হয়েছিল ডিয়েগো পেরেইরার ওপর, নতুবা হঠাৎ করে দৌড়াতেই ভুলে গিয়েছিলেন ক্লাব দে রেগাতাসের (সিআরবি) এই মিডফিল্ডার। না হলে ওভাবে কেউ হোঁচট খেয়ে পড়ে! ব্রাজিলিয়ান লিগে গত রোববার সেন্ত্রো স্পোর্তিভো আলাগোয়ানোর সঙ্গে ম্যাচ চলছিল সিআরবির। ম্যাচের একটা মুহূর্তে বল নিয়ে আক্রমণে উঠছিলেন পেরেইরা। আশপাশে কোনো খেলোয়াড় ছিল না, কিন্তু ফাঁকা জায়গা পেয়ে হঠাৎ করে যেন ‘ড্রিবলিং-ড্রিবলিং’ খেলার ইচ্ছে হলো পেরেইরার। বিপত্তিও ঘটল তখনই। কোনো এক অদ্ভুত উপায়ে পায়ে পা জড়িয়ে মাটিতে পড়ে গেলেন পেরেইরা। এখানেই শেষ নয়, ঘটনাটিতে আরও রং চড়িয়েছেন ম্যাচের ধারাভাষ্যকার। পেরেইরাকে ওভাবে পড়তে দেখে বেশ উচ্চ স্বরে হাসতে শুরু করে দেন তিনি। ভাগ্যিস, সেটি মাঠ থেকে শোনেননি পেরেইরা, শুনলে হয়তো সেদিনই ফুটবল থেকে অবসর নিয়ে নিতেন। ইএসপিএন।