নিজেরা না পেরে মেয়েদের সাফল্য নিয়ে রিয়ালকে খোঁচা পিকের

বার্সেলোনার পিকে আবার খোঁচা দিয়েছেন রিয়ালকেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে হোক বা মাঠের বাইরে, বার্সেলোনার অবস্থা কোনো জায়গায়ই ভালো নয়। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এবার বার্সা শুধুই দর্শক, লিগেও শিরোপা–দৌড়ে থাকা এখন তাদের জন্য কষ্টকল্পনা। মাঠের বাইরে তো অর্থাভাবে বার্সা ধুঁকছেই। এই অবস্থায়ও যে সবদিকে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদকে খোঁচা মারতে পারছেন বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে, সে-ই চমকের ব্যাপার বটে!

পিকে তবু রিয়াল মাদ্রিদকে খোঁচা মারছেন। তবে বার্সার ছেলেদের দলের জন্য বিব্রতকর ব্যাপার এই যে এত দিন নিজেদের দলের সাফল্যের সঙ্গে তুলনা দিয়েই রিয়ালকে খোঁচানো পিকে এবার আর তা করতে পারছেন না। রিয়ালকে খোঁচা মারতে বার্সার ৩৪ বছর বয়সী অধিনায়ক টেনে আনছেন রিয়াল আর বার্সার মেয়েদের দলের সাফল্যের তুলনা।

স্প্যানিশ ভিডিও সম্প্রচারক ইবাই ইয়ানোসের সঙ্গে মিলে লিগ অব লিজেন্ডস নামের গেমে দল দিয়েছেন পিকে। সেটি নিয়েই একটা অনুষ্ঠানে কথা বলছিলেন বার্সা ডিফেন্ডার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্ত সেটি নিয়ে সংবাদ প্রচার করেছে। ওই অনুষ্ঠানেই রিয়াল মাদ্রিদকে খোঁচাটা দিয়েছেন পিকে।

মাঠে এই মৌসুমে বার্সার দুর্দশা যেন শেষই হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে গ্রুপ পর্বে
ছবি: এএফপি

মেয়েদের ফুটবলে বার্সার দল যেখানে স্পেন আর ইউরোপে ছড়ি ঘোরাচ্ছে, রিয়াল মাদ্রিদ সেখানে মেয়েদের দল আনুষ্ঠানিকভাবে মাঠেই নামিয়েছে গত মৌসুমে।

দুই ক্লাবের মেয়েদের দলের তুলনা টেনে তাই রিয়ালকে খোঁচা পিকের, ‘সব সময়ের মতোই বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ওপরেই আছে। মেয়েদের ফুটবলে কী হচ্ছে একবার দেখুন। বার্সেলোনা সব সময়ই এগিয়ে। অনেক বছর ধরেই আমাদের মেয়েদের দলটা আছে, যে দলটা আমাদের ক্লাবকে অনেক সাফল্য এনে দিয়েছে। এদিক থেকে আপনারা (রিয়াল মাদ্রিদ) অনেক পিছিয়ে।’

‘বার্সা ফেমেনি’ নামের বার্সার মেয়েদের দলের সাফল্যে পিকেকে গর্ব করতে দেখা দারুণ ব্যাপারই বটে। ইউরোপে এখনো যেখানে ছেলেদের তুলনায় মেয়েদের ফুটবলকে সেভাবে প্রাপ্য স্বীকৃতি দিতে অনেকে রাজি নন, সেখানে নিজেদের ক্লাবের মেয়েদের দলের সাফল্য পিকের গর্ব সত্যিকারের পরিবারে ‘ভাই-বোনের’ ভালোবাসার মতোই মনে হতে পারে।

কিন্তু ঝামেলাটা হলো, মেয়েদের সাফল্য নিয়ে এখন রিয়ালকে খোঁচাতে হচ্ছে পিকেকে। এর পাশাপাশি বার্সার ছেলেদের দলের সাফল্য নিয়েও যে রিয়ালকে খোঁচাবেন, সে মুখই যে নেই পিকের!

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বার্সার ছেলেদের দল। ইউরোপা লিগেও যে খেলতে পারবে, সেটি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারবেন না পিকে-বুসকেতরা। নিয়ম বদলের পর এবার যে চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে নেমে যাওয়া দলগুলো সরাসরি ইউরোপা লিগের মূল নকআউট পর্বে খেলতে পারে না, আগে শেষ ষোলোর প্লে-অফ খেলতে হয়। রিয়াল মাদ্রিদ সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে শেষ ষোলোতে।

এ তো গেল ইউরোপিয়ান প্রতিযোগিতা, স্প্যানিশ লিগেও বার্সার দুর্দশার চিত্র একই। লিগে রিয়াল মাদ্রিদ আছে সবার ওপরে, বার্সা পয়েন্ট তালিকার আট নম্বরে।

বার্সা যখন ধুঁকছে, রিয়াল মাদ্রিদ উড়ছে
ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

এই অবস্থানে থেকেই লিগ শেষ করলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ তো নয়ই, ইউরোপা লিগের খেলারও যোগ্যতা হবে না বার্সার! স্পেনের লিগ থেকে প্রথম চার দল যায় চ্যাম্পিয়নস লিগে, পঞ্চম দল সরাসরি খেলে ইউরোপা লিগে, ষষ্ঠ দল খেলবে ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ পর্বে ওঠার প্লে-অফ।

কিন্তু পিকেদের নিদারুণ ব্যর্থতার বিপরীতে বার্সা এখন যা কিছু সাফল্য দেখতে পায় মেয়েদের দলের কারণেই। এই মৌসুমে স্পেনে মেয়েদের শীর্ষ স্তর প্রিমেরা দিভিসিওনে ১৩ ম্যাচ শেষে সম্ভাব্য ৩৯ পয়েন্টের মধ্যে ৩৯ পয়েন্টই পেয়েছে বার্সা ফেমেনি। গোল করেছে ৭৫টি, খেয়েছে মাত্র ৪টি। পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা সোসিয়েদাদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে বার্সার মেয়েরা।

আর চ্যাম্পিয়নস লিগে? গত মৌসুমে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বসূচক টুর্নামেন্টটি জেতা বার্সার মেয়েরা এবার গ্রুপ পর্ব শেষ করেছে সবার ওপরে থেকে। ৬ ম্যাচে সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে ১৮ পয়েন্টই পেয়েছে, গোল করেছে ২৪টি, খেয়েছে মাত্র একটি। গ্রুপে দ্বিতীয় আর্সেনালের চেয়ে এগিয়ে ছিল ৯ পয়েন্টে!