নিন্দুকেরেই বাসেন তিনি সবার চেয়ে ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

‘ভালো ছেলে’ সুনামটা ঠিক কখনোই ছিল না। ক্রিস্টিয়ানো রোনালদোকে বরং একটু ‘উদ্ধত’ বা ‘অহংকারী’ দেখেন কেউ কেউ। তবে এসব সমালোচনায় খুব একটা বিচলিত তো হনই না, বরং নিন্দা থেকেই অনুপ্রেরণা নেন সিআর-৭।
প্রচারমাধ্যমের সামনে এমনিতে খুব একটা মুখ খোলেন না রোনালদো। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকেদেওয়া বিরল সাক্ষাৎকারে যেন উঠে এল একটা চাপা ক্ষোভই, ‘আমি জানি আমি বিশ্বের সবচেয়ে সুবোধ লোকটি নই, এটা আমি নিজেই স্বীকার করি। তবে আমার মধ্যে ভড়ং নেই। আমি যা, তা-ই। শিখতেও আমি পছন্দ করি।’ গোল করার পর যুদ্ধজয়ী সেনাপতির মতো একটা ভঙ্গি করেন, চলন-বলনেও আছে একটু কাঠিন্য—ক্যারিয়ারের শুরু থেকেই ‘শরীরী ভাষার’ জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে। এমনকি ফিফায় সাময়িক নিষিদ্ধ সভাপতি সেপ ব্ল্যাটারও রোনালদোকে নিয়ে ঠাট্টা করেছিলেন। তবে এত কিছুর পরও নিন্দুকদেরই বেশি ভালোবাসেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার, ‘মানুষ আমাকে ঘৃণা করলে তাতে বরং খুশিই হই। বাইরে খেলতে গেলেই বুঝি আমার বিপক্ষে অনেকেই আছে। তবে আমার বিরুদ্ধবাদীদের কাছ থেকে এ রকম কিছুই আমি চাই। এটাকে আমি জীবনের অংশই মনে করি।’
স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর থেকেই শুরু। এরপর রিয়াল মাদ্রিদে রোনালদোর অনেক তিক্ত অভিজ্ঞতাই হয়েছে। এসব বরং তাঁকে আরও বেশি করে সাফল্যের দিকে তাড়িয়ে নিয়ে যায়, ‘আজকের তো নয়, সেই ১৮-১৯ বছর বয়স থেকে এটা দেখে আসছি। আমার পায়ে বল এলেই ওরা চিৎকার শুরু করে। এসব বরং আমাকে আরও বেশি প্রেরণা দেয়।’

ইউনাইটেডের প্রতি নিজের ভালোবাসাটা আগে অনেকবারই জানিয়েছেন। ২০০৫ সালে রোনালদো ২০ বছর বয়সী আনকোরা এক তরুণ। রোনালদোর বাবা হোসে ডিনিস আভেইরো যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়ে তখন লন্ডনের হাসপাতালে মৃত্যুশয্যায়। সেই সময়ের কথা মনে করে স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ‘আমার বাবা তখন লন্ডনের হাসপাতালে। তাঁর অবস্থা ভালো ছিল না। তখন মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময় ছিল না। আমি স্যার অ্যালেক্সকে বললাম, ‘কোচ, আমি বাবার কাছে যেতে চাই।’ তিনি বললেন, ‘বাবার অসুস্থতা ফুটবলের চেয়ে অনেক বড়। তুমি এখনই যাও।’

ওল্ড ট্রাফোর্ডে ফিরতে চান, সেটাও অনেকবারই জানিয়েছেন। কাল প্যাট্রিস এভরা তো জানাচ্ছেন, ২০১৩ সালে রোনালদোর ইউনাইটেডে আসা নিয়ে ফার্গুসন প্রায় নিশ্চিত ছিলেন, ‘তিনি আমাকে বলেছিলেন, রোনালদোর আসার ব্যাপারে তিনি ৯৯ ভাগ নিশ্চিত। আমি ভাবলাম, তাহলে তো আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারব।’

সেটা অবশ্য হয়নি, রোনালদো থেকে গেছেন বার্নাব্যুতেই। কে জানে, ক্যারিয়ারের শেষটাও হয়তো এখানেই হবে! টেলিগ্রাফ, গোলডটকম।