নিবন্ধনই করেনি বাফুফে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার ওয়েবসাইটে গিয়ে র্যাঙ্কিংয়ে ঢুঁ মারলেই চোখে পড়বে চিহ্নটা। লাল কালির অবনমনের পাশে সবুজ কালির উন্নতির চিহ্ন। যথারীতি বাংলাদেশের পুরুষ ফুটবলের র্যাঙ্কিংয়ের পাশে জ্বলজ্বল করছে লাল কালি। কিন্তু মহিলা ফুটবলে উন্নতির রেখা। গত সপ্তাহে প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে (১৯০তম) নেমেছে পুরুষ দল। কিন্তু মেয়েদের ফুটবলে হয়েছে উন্নতি, ৭ ধাপ এগিয়ে বর্তমান অবস্থান ১১৪-তে।
সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে এএফসির বিভিন্ন টুর্নামেন্টে ভালো করছে মেয়েরা। ভারতের শিলিগুড়িতে কদিন আগেই সাফ টুর্নামেন্টে জাতীয় দল রানার্সআপ হয়েছে। প্রথমবারের মতো ফাইনালে উঠে ভারতের সঙ্গে হেরেছে লড়াই করে। কিন্তু এমন পারফরম্যান্স করা দলটিই জর্ডানে মহিলা এশিয়া কাপের বাছাইপর্বে খেলতে পারবে না! বাংলাদেশ যে এই টুর্নামেন্টের জন্য নামই নিবন্ধন করেনি!
সাফের রানার্সআপ মেয়েদের দলটিকে কদিন ধরে সংবর্ধনা দিতে ব্যস্ত হয়ে পড়েছে ফুটবল ফেডারেশন। গতকাল বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তাঁর গুলশানের বাসভবনে মধ্যাহ্নভোজ করিয়েছেন সাবিনাদের। আজ বাফুফে ভবনে এনভয় গ্রুপ তাঁদের সংবর্ধনা দেবে। এটি হবে চতুর্থ সংবর্ধনা। অথচ এই দলটিকে এশিয়ার শীর্ষ স্তরে পাঠানোর উদ্যোগই নেয়নি ফেডারেশন।
জর্ডানে আজ মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ড্র হচ্ছে। ড্রয়ে থাকছে ২১টি দল—উত্তর কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, জর্ডান, মিয়ানমার, চীনা তাইপে, উজবেকিস্তান, ফিলিপাইন, হংকং, লেবানন, বাহরাইন, ইরান, ভারত, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, গুয়াম, ইরাক, সিঙ্গাপুর, সিরিয়া, তাজিকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ৩ এপ্রিল জর্ডানে শুরু বাছাইপর্ব। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। একটি গ্রুপে ছয় দল থাকলেও বাকি তিন গ্রুপে পাঁচটি করে দল খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং জাপান, অস্ট্রেলিয়া ও চীনকে নিয়ে আগামী বছর এপ্রিলে হবে চূড়ান্ত পর্ব, যেখানে স্বাগতিক হিসেবে খেলবে জর্ডান।
বাংলাদেশ কেন এশিয়া কাপের বাছাইয়ে নাম নিবন্ধন করেনি? বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বললেন, ‘বাংলাদেশ এই টুর্নামেন্টে কেন নাম পাঠায়নি, তা এই মুহূর্তে মনে পড়ছে না। আগামীকাল অফিসে গিয়ে এই সংশ্লিষ্ট কাগজপত্র দেখে তবেই আসল কারণটা বলতে পারব।’
এর আগে ছেলেদের বিভাগে এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টে নিবন্ধন করেনি বাফুফে। আর্থিক কারণই নাকি আসল। নির্বাচনের সময় কোটি কোটি টাকা বাতাসে ওড়ে, আর খেলার সময় নানা অজুহাতে দল পাঠানো হয় না। এই সংস্কৃতি জেঁকে বসেছে ফুটবলে।
অথচ বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলটি নভেম্বরে থাইল্যান্ডে খেলবে এএফসি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্বে। জাতীয় দলের এশিয়ান কাপের বাছাইপর্বটা হতে পারত মেয়েদের ঝালিয়ে নেওয়ার একটি মঞ্চ। কারণ, জাতীয় দলের বেশির ভাগই অনূর্ধ্ব-১৬ দলের। কিন্তু সেটা হলো না। মহিলা দলের কোচিং স্টাফের এক সদস্য ব্যাপারটা জেনে বিস্মিত, ‘এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ দল যে এন্ট্রি করেনি, তা জানিই না! এমন একটি টুর্নামেন্টে খেলতে পারলে মেয়েদের অনেক উন্নতির সুযোগ ছিল।’