নিয়ন্তা যখন পানেনকা
২৮৬ কিলোমিটার দূরত্বে দুটি শহর সিডনি ও ক্যানবেরা। অথচ পরশু কয়েক ঘণ্টা আগে-পরে দুই শহরেই ফিরে ফিরে এলেন আন্তোনিও পানেনকা। কিন্তু এশিয়ান কাপে চেক প্রজাতন্ত্রের এই সাবেক খেলোয়াড়ের ভূমিকা কী? পানেনকা আসলে না থেকেও ছিলেন, তাঁর নেওয়া সেই বিখ্যাত পেনাল্টি কিকই যে দুই কোয়ার্টার ফাইনালের ভাগ্য অনেকটাই লিখে দিল!
চ্যাম্পিয়ন জাপানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের কথাই ধরুন। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ, ১-১ গোলে ড্র ম্যাচটি গড়িয়েছে টাইব্রেকারে। আমিরাতের হয়ে প্রথম পেনাল্টি নেওয়ার জন্য এগিয়ে এলেন ওমর আবদুল রহমান। ২৩ বছর বয়সী মিডফিল্ডারের কিকে উদ্বেগ, স্নায়ুচাপের চিহ্নমাত্র নেই। দুর্দান্ত পানেনকা কিকটাই কি আমিরাতকে চাঙা করে দিল? শেষ পর্যন্ত আমিরাত ম্যাচটা জেতায় এই প্রশ্নটাই ঘুরেফিরে আসছে। আমিরাত কোচ মাহদি আলি পরে নিজেই স্বীকার করেছেন, ‘এটা ছিল অসাধারণ একটা পেনাল্টি। এটা আরও বেশি ভালো ছিল, কারণ গোলরক্ষকের মনোবল এটা ভেঙে দিয়েছে। গোল হওয়ার পর আমরা সেটাই করেছি।’ তবে আবার এমনটা করলে কোচের কাছ থেকে অনুমতি নিতে হবে রহমানকে! ‘আমরা খুবই খুশি, কিন্তু আমি ওকে এ রকম কিছু করতে বারণই করব। ওটা তো আমার হৃৎপিণ্ড থামিয়েই দিয়েছিল প্রায়’—বলেছেন মাহদি।
ইরাকের ইউনিস মাহমুদের প্রেক্ষাপট একটু আলাদা। ৩১ বছর বয়সী অধিনায়ক যখন পেনাল্টি নিতে এলেন, টাইব্রেকারে ৩-৩ গোলে সমতা। পেনাল্টিটা মিস হলেই ইরাকের বিদায়ঘণ্টা বেজে যেতে পারে। কিন্তু ভয়ডরহীন মাহমুদ পানেনকা কিকে হতভম্ব করে দিলেন ইরানের গোলরক্ষককে। পরে ইরাকের এই কিংবদন্তি নিজেই জানিয়েছেন, ‘আমি এটা করেছিলাম, কারণ আমি খেলোয়াড়দের এই বার্তাই দিতে চেয়েছিলাম, গোল করা খুবই সহজ। আমার মনে হয় এটা কাজ করেছে, কারণ এরপর সবাই ভালোভাবেই কিক নিয়েছে।’
ইরান অবশ্য ম্যাচ শেষে রেফারি বেন উইলিয়ামসের দিকে সরাসরি আঙুল তুলেছে। মেহরদাদ পুলাদি লাল কার্ড দেখায় ম্যাচের অর্ধেকেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে ইরানকে। কোচ কার্লোস কুইরোজের দাবি, রেফারির সিদ্ধান্ত ভুল ছিল। তবে ইরাকের কোচ রাদহি শেনাইসিল দাবিটা উড়িয়ে দিয়ে বলেছেন, রেফারি কোনো ভুল করেননি। এএফপি।