নিরাপত্তাবলয়ে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের জানালা দিয়ে অস্ট্রেলীয় ফুটবলারদের ঔৎসুক চাহনি। কাল রাতে বিমানবন্দর থেকে হোটেলে আসার পর l প্রথম আলো
বাসের জানালা দিয়ে অস্ট্রেলীয় ফুটবলারদের ঔৎসুক চাহনি। কাল রাতে বিমানবন্দর থেকে হোটেলে আসার পর l প্রথম আলো

হঠাৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকলে যে কেউ চমকে উঠতে পারে। সেই চিরচেনা পরিবেশটা উধাও! নেই দোকানিদের হাঁকডাক। নেই ফুটপাত দখল করে ইলেকট্রনিকস যন্ত্রাংশ বিক্রেতাদের নৈমিত্তিক উৎপাত। ছিল না ফুচকা, চটপটি, আমড়া, আনারস বিক্রেতারা। রাতের আঁধারে স্টেডিয়ামের বারান্দায় যাদের ঘুমানোর প্রস্তুতি চলত সন্ধ্যা থেকেই, সেই ছিন্নমূল মানুষেরা উধাও। পরিষ্কার-পরিচ্ছন্ন, সুনসান চারদিকে। বিস্ময়কর এক নীরবতা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রতিটি প্রবেশদুয়ারেই থাকবে পুলিশের একটি করে দল।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি বাংলাদেশের। ম্যাচটিকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্টেডিয়াম। কালও বন্ধ ছিল সব দোকানপাট এবং বন্ধ থাকবে আজও।
এই ম্যাচের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে আজ। দর্শকদের দেহতল্লাশি করে ঢোকানো হবে স্টেডিয়ামে। টিকিট ও বৈধ পাস ছাড়া কেউই স্টেডিয়ামমুখো হতে পারবেন না। দর্শকদের জন্য গেট উন্মুক্ত হবে বেলা আড়াইটায়। দর্শকেরা শুধু মোবাইল ফোন আনতে পারবেন। তবে অন্য কোনো ব্যাগ, পানির বোতল, ছোটখাটো ধাতব জিনিস, দেশলাই, ক্যামেরা বা এই জাতীয় দ্রব্য নিয়ে মাঠে ঢোকা যাবে না। স্টেডিয়ামের পাশের ২৪ তলা ভবনসহ অন্যান্য সব উঁচু ভবনের ছাদে, এমনকি প্রতিটি তলায় সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।
অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার জন্য বিমানবন্দরের ভেতরে থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বাইরে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যাতায়াতের সময় অস্ট্রেলিয়া দলের বহরের সঙ্গেও থাকবে পুলিশ। এ ছাড়া রাজপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পোশাকে ও সাদাপোশাকে পুলিশ থাকবে। দল বহনকারী বাসের চলাচল নির্বিঘ্ন করতে আগে থেকেই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। নিরাপত্তার কারণে ম্যাচ শেষ হওয়ার পরই স্টেডিয়াম থেকে বিমানবন্দরমুখী বাসে উঠবে অস্ট্রেলিয়া।
চার বছর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া অনুষ্ঠিত প্রীতি ম্যাচের মতোই থাকছে নিরাপত্তাব্যবস্থা। তবে কদিন আগে প্যারিসে সন্ত্রাসী হামলার কারণে একটু হলেও বাড়তি সতর্ক বাংলাদেশ। যদিও এটিকে নিজেদের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই দেখছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও এএফসির নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ হাসান, ‘একটি দলকে ফিফার নিয়ম অনুসারে যেমন নিরাপত্তা দেওয়ার কথা আমরা তেমনটাই দিচ্ছি। এটিকে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের নিরাপত্তার সঙ্গে তুলনা করা যায়।’
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মারুফ হাসান বললেন, ‘এই ম্যাচের জন্য কয়েক দিন আগে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসেছেন। ফিফার উচ্চপর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাও এসে সরেজমিনে দেখে গেছেন। তাঁদের সঙ্গে ভেন্যুসহ সব জায়গা সরেজমিনে দেখেছি আমি। তাঁরা সবাই নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্ট।’ তবে দর্শকদের উদ্দেশে তিনি বলেছেন, নিরাপত্তা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই।