নিরাপদ দূরত্বে ডি মারিয়া!
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দুজনের সঙ্গেই খেলেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা হাতে গুনে ফেলা যায়। অ্যাঙ্গেল ডি মারিয়া সেই কয়েকজনের একজন। রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোকে পেয়েছেন সতীর্থ হিসেবে, আর আর্জেন্টিনায় মেসিকে। তবে দুজনের মধ্যে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছেন না পিএসজির এই উইঙ্গার।
রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোকে দিয়ে যেমন, আর্জেন্টিনার হয়ে মেসিকে দিয়েও গোল করিয়েছেন। কিন্তু দুজনের তুলনা করতে গিয়ে ডি মারিয়া হাঁটলেন নিরাপদ পথেই, ‘ওরা দুজনই আমাকে চায় এটা শুনে খুশি হয়েছি। তবে আমি সব সময়ই বলব তারা বিশ্বের সেরা দুজন খেলোয়াড়ের একজন। এই কারণেই তারা প্রতিবার ব্যালন ডি’অরে সেরা কয়েকজনের মধ্যে থাকে। তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া আসলেই সম্ভব নয়।’
মেসি-রোনালদোকে ছাড়িয়ে যদি ইব্রাহিমোভিচকে ধরা হয়, তাহলে ডি মারিয়ার গৌরবটা আরও বেশি। এই তিনজনের সঙ্গে খেলাটা তো বিরল সৌভাগ্যই। ডি মারিয়াও তাতে গর্ববোধই করছেন, ‘লিও, ক্রিস্টিয়ানো ও ইব্রাহিমোভিচের সঙ্গে খেলতে পারাটা দারুণ ব্যাপার। আশা করি, এক দিন এই অভিজ্ঞতা নিয়ে অনেক গল্প করতে পারব।’ গোলডটকম।