নির্দোষ হয়েও নিজেকে আসামির মতো মনে হচ্ছে রোনালদোর!

১৫০ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো—খবরটি প্রথম দেয় জার্মান সাপ্তাহিক ডার স্পাইজেল। পর্তুগালের অধিনায়ক শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছিলেন। যে প্রতিষ্ঠানের মাধ্যমে রোনালদো কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই জেস্টিফিউট ২০১৫ সালে রোনালদোর আয়ের হিসাব দিয়েছে। কর পরিশোধের কাগজপত্র দেখিয়ে তারা জানিয়েছে, রোনালদো কর ফাঁকি দেননি। তবু বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। যে বিতর্ক তাঁর চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জয়ের আনন্দটাও কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন রোনালদো। নির্দোষ হয়েও নিজেকে আসামির মতো মনে হচ্ছে তাঁর!
ব্যালন ডি’অর জয়ের জয়ের পরই রোনালদোর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। সেখানেই রোনালদো জানিয়েছেন কর ফাঁকির অভিযোগ নিয়ে তাঁর অনুভূতির কথা, ‘এটা অবশ্যই আমার আনন্দ কিছুটা কমিয়ে দিয়েছে। যদি বলি, কমেনি, সেটা মিথ্যা বলা হবে।’
শুরু থেকেই তীব্র ভাষায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ করেছেন রোনালদো। করলেন আরও একবার, ‘আমি ভণ্ড নই। আমি অন্যায় কিছু করিনি। এই পুরো বিতর্কটা আমার অনেক ক্ষতি করছে। আমার পরিবার, আমার সন্তান, সবার জন্য এটা দুঃখজনক। আমার ছেলে স্কুলে যায়। ও এখন অনেক কিছু বুঝতে শুরু করেছে। ওর কেমন লাগছে ভেবে দেখুন। আমি সব সময় চেষ্টা করেছি স্বচ্ছভাবে সবকিছু করতে। আমার মিথ্যা বলার কোনো কারণই নেই।’
এ রকম একটি বিতর্কে তাঁকে জড়ানোয় বেশ ক্ষুব্ধও রোনালদো, ‘যখন কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে, আমি কোথায় ছুটি কাটাতে যাই, আমার বান্ধবী আছে নাকি নেই, আমি কিছু মনে করি না। কারণ তারকাদের নিয়ে এটা হতেই পারে। কিন্তু এ রকম একটা বড় অভিযোগ আনা, যেখানে আইনি বিষয় জড়িত, এটা দুঃখজনক।’
ভেতরে-ভেতরে কতটা অসহায় বোধ করছেন, সেটাও বললেন রোনালদো, ‘অনেক নির্দোষ মানুষ জেল খাটছে। আমার এখন নিজেকে ওদের মতো মনে হচ্ছে। যখন আপনি জানবেন যে আপনি অন্যায় কিছু করেননি, তারপরেও এসব কথা শুনতে ভালো লাগে না। আসলে কিছু মানুষকে কখনোই সন্তুষ্ট করা যায় না।’ গোল ডটকম।