পরশু কাজী সালাউদ্দিন পরিষদের লোকজনের মুখে একটা বিষণ্নতা ছিল। সেখানে অনেকটাই স্বস্তি ফিরেছে। জয়ের ব্যাপারে তাঁরা এখন আগের চেয়েও বেশি আশাবাদী। ফোনে একটি মহল থেকে হুমকি পাওয়ায় সালাউদ্দিন পরিষদ দ্রুত তৎপরতা দেখানোয় নির্বাচনের মাঠ মোটামুটি ভীতিহীন ছিল গতকাল।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন সন্ধ্যায় বললেন, ‘কোনো অভিযোগ পাইনি। নির্বাচনের প্রস্তুতি চলছে। পরিস্থিতি খারাপ হলেও নির্বাচন বন্ধ করার এখতিয়ার আমার নেই, ওটা সম্পূর্ণ ফিফার ব্যাপার। তবে আমরা সতর্ক আছি।’ আগামীকালের এই নির্বাচন পর্যবেক্ষণে কাল ঢাকায় আসা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কর্মকর্তা মুন সি সংও সতর্ক, ‘আমার কাছে কোনো অভিযোগ নেই। তবে আমরা চোখ–কান খোলা রাখছি। আমরা সব জায়গাতেই নির্বাচনে সহযোগিতা করি, এখানেও তাই করব।’
নির্বাচনী এই ডামাডোলের মধ্যে কাল ‘বাঁচাও ফুটবল’ পরিষদ কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেছে। মতবিনিময় অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও সাংসদ শেখ হেলালের আসার কথা প্রচার করেছিল ওই পরিষদ। কিন্তু তাঁরা আসেননি।
কেন তাঁরা আসেননি সেই ব্যাখ্যা দিতে গিয়ে সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান বলেন, ‘পাপন ভাই (নাজমুল হাসান) ও শেখ হেলাল ভাইয়ের এ অনুষ্ঠানে আসার কথা ছিল। আমি বলেছি না আসতে, আপনারা বিতর্কের ঊর্ধ্বে থাকেন। তাঁরা (প্রতিপক্ষ) বলেছেন, সরকারের লোকজন এখানে ইন্টারফেয়ার করছে। তাই এখানে সরকারি লোক এলে আমাদের বদনাম হবে।’
একপর্যায়ে বিসিবির পরিচালক শেখ সোহেলকে কিছু বলার জন্য মঞ্চে ডেকে নেন ‘বাঁচাও ফুটবলের’ আহ্বায়ক মনজুর কাদের। সোহেল বক্তব্য দিতে চাইছিলেন না, দুকথা বলে দ্রুত শেষ করেন।
বিশিষ্ট সার ব্যবসায়ী কামরুল আশরাফ তাঁর বক্তব্যে বোঝালেন জিতলে আর্থিক পৃষ্ঠপোষক এনে ভাসিয়ে দেবেন ফুটবল অঙ্গন, ‘আমি ওয়াদা করছি, জিতলে প্রত্যেক জেলাকে স্পনসর দেওয়া হবে। আমার ৬৪ জেলায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের লোক আছে। তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন।’ সঙ্গে যোগ করেন, ‘জাতীয় দলগুলোকে স্পনসর দিয়ে শক্তিশালী করা হবে। প্রত্যেক জেলাকে স্পনসর দিয়ে ফিক্সড ডিপোজিট করে দেব। সেটার ইন্টারেস্ট দিয়ে চলবে জেলা ফুটবল।’
তাঁর বক্তব্যে সার প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে, ‘সারা দেশে সারের আমার আট হাজার ডিলার ও ৪৫ হাজার রিটেলার আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তাঁরা সকল সমস্যার সমাধান করবেন।’ বাফুফে সভাপতি হলে কী করবেন দিলেন সেই রূপরেখাও, ‘আমি প্রেসিডেন্ট হলে ২১ সদস্যের কমিটিই সব নয়, ১৩৪ জন কাউন্সিলরকে নিয়েই দু-তিন মাস পরপর সভা হবে। ১ টাকার ভাউচারেও তাঁদের মতামত নিয়ে স্বাক্ষর করা হবে। এক মাসের মধ্যে বাফুফের সব কাউন্সিলরকে আইডি কার্ড করে দেওয়া হবে। যাতে তাঁরা কোনো সমস্যায় পড়েল তাৎক্ষণিক সাহায্য-সহযোগিতা পান।’
শরীয়তপুরের কাউন্সিলরের তোলা বাফুফের ৩৮ কোটি টাকার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি প্রসঙ্গে তাঁর কথা, ‘আমি হজ করা মানুষ, কোনো প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে গিবত করতে রাজি নই। ১৩৪ জন কাউন্সিলর এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমার সিদ্ধান্ত।’
মনজুর কাদের কাউন্সিলরদের কাছে ভোটের জন্য আকুতিই জানিয়েছেন, ‘পোটন ভাই (কামরুল আশরাফ) যোগ্য লোক। একটি সুযোগ দিন, না পারলে চার বছর পর আর ভোট চাইব না।’ জ্যেষ্ঠ সহসভাপতি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া দেওয়ান শফিউল আরেফিন টুটুল সালাউদ্দিনের আট বছরের সমালোচনা করেছেন। লোকমান হোসেন ভূঁইয়া ও যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটসহ আরও অনেকের কণ্ঠেই ছিল বর্তমান বাফুফে ও সালাউদ্দিনের সমালোচনা।