নির্বাচনী গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সারা দিন হোটেল র্যা ডিসনের নির্বাচনী কেন্দ্রে কত ঘটনাই না ঘটেছে! সময় যতই গড়িয়েছে বারবার বদলেছে প্রার্থীদের অভিব্যক্তি, সেখানে কখনো মেঘ, কখনো রোদ। নানা অপপ্রচার চলেছে, গুঞ্জন ডালপালা ছড়িয়েছে। একসময় ভোট হয়েছে। ভোটে যাঁরা জিতেছেন তাঁদের মুখে বিজয়ীর হাসি, পরাজিত মুখগুলোয় ছিল রাজ্যের বিষণ্নতা। বাফুফে নির্বাচনের কিছু গল্প তুলে ধরা হলো এখানে:
শতভাগ ভোট
৬০ ভাগ ভোট গ্রহণ শেষ। হন্তদন্ত হয়ে ভোট দিতে এলেন ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর নিজাম উদ্দিন হাজারী। ভদ্রলোক দেশে ছিলেন না। কিন্তু বাফুফের নির্বাচনে ভোট দিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। এসেই বিমানবন্দর থেকে সোজা হোটেল র্যা ডিসনের ভোটকেন্দ্রে। শুধু নিজাম উদ্দিনই নন, প্রান্তিক ক্রীড়া চক্রের কাউন্সিলর আবদুল ওয়াহিদ তুরস্কে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। বাফুফের ভোট দিতে তিনিও চলে আসেন ঢাকায়। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বললেন, ‘এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। এখানে ১৩৪ জন ভোটারের মধ্যে সবাই উপস্থিত ছিলেন।’
ফুলেল শুভেচ্ছা পণ্ড
তখনো ভোট গ্রহণ শেষ হয়নি। কিন্তু হোটেলের লবিতে, করিডরে গুঞ্জন, ফিসফাস—সভাপতি পদে জিতে গেছেন কামরুল আশরাফ। একই সঙ্গে হোটেলের পোর্টিকোতে গাড়িভর্তি ফুলের তোড়া নিয়ে ঢুকতে লাগলেন সমর্থকেরা। হোটেলের পাশের বিমানবন্দর রেলস্টেশনেও নাকি তিন ট্রাক ফুল নিয়ে হাজির হয়েছেন নরসিংদীর একদল সমর্থক। নরসিংদীর মেয়রসহ ওই এলাকার বিভিন্ন লোকজন যখন আগাম শুভেচ্ছা জানাতে এভাবে হোটেলে এলেন, এসব দেখে কাজী সালাউদ্দিন পরিষদের সমর্থকদের মুখ শুকিয়ে পাংশু বর্ণ। নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত চলল এমন অপপ্রচার। কিন্তু শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার যখন কাজী সালাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন, তারপর কামরুল আশরাফের সমর্থকদের খুঁজে পাওয়াই ছিল দুষ্কর!
সালাউদ্দিনের কান্না
ভোট গ্রহণ শেষে নির্বাচনী কক্ষেই ফল ঘোষণা করা হলো। ঘোষকের মুখে সভাপতি পদে বিজয়ী হিসেবে কাজী সালাউদ্দিনের নাম উচ্চারিত হতেই ‘জয় বাংলা’ বলে চিৎকার করে ওঠেন কক্ষে থাকা কাউন্সিলররা। মঞ্চের ওপর উঠে নাচতে শুরু করে দেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, হারুনুর রশীদ, সত্যজিৎ দাস রুপুদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কাজী সালাউদ্দিন। এ কান্না আনন্দের কান্না। পাশ থেকে সবাই তাঁকে অভিনন্দন জানিয়ে বলতে থাকেন, ‘এই জয় আমাদের সবার। আসলে ফুটবলেরই জয় হলো আজ।’
১০ লাখেও নয়
মাত্রই ভোট দিয়ে বের হয়েছেন ঢাকার বাইরের এক কাউন্সিলর। নাম প্রকাশ না করার শর্তে দিলেন চমকপ্রদ কিছু তথ্য। গত পরশু রাতে হোটেল র্যা ডিসনে প্রতিটি কক্ষেই নাকি একটি মহল সভাপতি পদের ভোট কিনতে এসেছিলেন। ওই কাউন্সিলর বললেন, ‘সদস্য ও সহসভাপতি বাদে শুধু সভাপতি পদে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ নিয়ে একদল লোক এসেছিলেন। তাঁরা প্রথমে ৫ লাখ টাকা দিতে চেয়েছিলেন। রাজি হচ্ছি না দেখে ১০ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব দেন। কিন্তু আমি রাজি হইনি।’ কেন রাজি হলেন না? প্রশ্নটা করতেই বললেন, ‘আমি ছোটবেলা থেকেই সালাউদ্দিনের সমর্থক। নিজেও ফুটবল সংগঠক। যোগ্য লোককেই ভোট দিয়েছি।’
আকৃষ্ট বিদেশিরাও
সারা দিনই ছিল গিজগিজে ভিড়। সন্ধ্যা গড়াতে হোটেলের লবিতে গণমাধ্যমকর্মীদের ভিড় বেড়ে যায়। বিজয়ী সালাউদ্দিন পরিষদের সমর্থকদের ভিড়ও বাড়তে শুরু করে। হোটেলের বিদেশি অতিথিরা তো আর এমন কোলাহলপূর্ণ দৃশ্য দেখতে অভ্যস্ত নন। নিজেদের কক্ষে যাওয়ার আগে অনেকেই লিফটে উঠে অবাক চোখে দেখছিলেন নির্বাচনী দৃশ্যগুলো। কেউ কেউ তো নিচের লবির জনারণ্যে সেলফিও তুলে ফেললেন। ইতিহাসের সাক্ষী তো হওয়া গেল!

যাঁরা নির্বাচিত
সভাপতি
কাজী সালাউদ্দিন
৮৩ ভোট
সিনিয়র সহসভাপতি
আবদুস সালাম মুর্শেদী
(বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
সহসভাপতি
কাজী নাবিল আহমেদ ৯২ ভোট
বাদল রায় ৭৩ ভোট
মহিউদ্দিন আহমেদ মহি ৭২ ভোট
তাবিথ আউয়াল ৬৮ ভোট
সদস্য
শওকত আলী খান জাহাঙ্গীর (১১৪)
আমিরুল ইসলাম বাবু (১০৫)
হারুনুর রশীদ (৯৪)
সত্যজিৎ দাস রুপু (৮৫)
ইলিয়াস হোসেন (৮৫)
বিজন বড়ুয়া (৮৪)
ইকবাল হোসেন (৮৪)
ফজলুর রহমান বাবুল (৮৩)
আরিফ হোসেন মুন (৮২)
অমিত খান শুভ্র (৮১)
জাকির হোসেন চৌধুরী (৭৮)
মাহি উদ্দিন আহমেদ সেলিম (৭৮)
আবদুর রহিম (৭০)
মাহফুজা আক্তার কিরণ (৬৮)
শেখ মোহাম্মদ আসলাম (৬৮)