নির্বাচনী লড়াইয়ে আগেই বাফুফের সাধারণ সম্পাদকের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম। ফাইল ছবি
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম। ফাইল ছবি

করোনার মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বহুল আলোচিত নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে। দ্রুতই সুবিধাজনক সময়ে নির্বাচন করতে চায় ফেডারেশন। তবে দেশের ফুটবলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাড়ছে উত্তাপ, উত্তেজনা, অভিযোগ। এবার তাতে যোগ হয়েছে নতুন মাত্রা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ( বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইমের অপসারণ চেয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে চিঠি দিয়েছেন বাফুফেরই সহসভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায়।

দুই পৃষ্ঠার ওই চিঠিতে বাদল রায়ের অভিযোগ, বিভিন্ন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএ এবং ক্লাব সভাপতিসহ বিভিন্ন কর্মকর্তাদের নানা অজুহাতে বাফুফে কার্যালয়ে এনে নিয়ম বর্হিভূত কাজ করছেন সাধারণ সম্পাদক। বাফুফে কার্যালয় থেকে সাধারণ সম্পাদকের নির্দেশে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই ভোটারদের কাছে 'ডেলিগেট ফরম' পাঠানো হচ্ছে। বাফুফের গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই রেলিগেশনে পড়া ভোটারবিহীন ক্লাব এবং বাফুফের কংগ্রেসে অনুমোদনহীন ক্লাবকে ডেলিগেট ফরম বিতরণ ও জমা নেওয়া হচ্ছে। অভিযোগে বলা হয়, ক্লাবের সাক্ষরিত ডেলিগেট ফরম না নিয়ে অবৈধভাবে অন্য ব্যক্তির সাক্ষরিত ফরম নেওয়া হচ্ছে।
যেসব ক্লাব 'ক্লাব লাইসেন্সিংয়ে' আওতাভূক্ত নয়, তাদেকে ক্লাব লাইসেন্সিংয়ের সব শর্ত পূরণে বাধ্য করা হচ্ছে। অন্যথায় সংশ্লিষ্ট ক্লাবগুলো ভোটিং ক্ষমতা বাতিল করা হবে বলে বাফুফে কার্যালয় থেকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া বাফুফে কার্যালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবের সদস্যদের সঙ্গে ফোনালাপের সময় অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। যাতে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পছন্দ মতো ব্যক্তিকে ভোটিং ডেলিগেট হিসাবে পাঠানো হয়। চিঠিতে করোনা শেষে স্বাভাবিক পরিস্থিতিতে বাফুফের নির্বাচনের দাবি জানানো হয়। বাদল রায় বলেন, বাফুফে এখন সবাইকে অপ্রস্তুত রেখে নির্বাচন সেরে ফেরার চেষ্টা করছে।
চিঠিতে শেষে বাদল রায় বলেন, 'সাধারণ সম্পাদকের এসব অসঙ্গতিপূূর্ণ কার্যকলাপ বন্ধ করা হবে আমি আশা করি।' একই সঙ্গে সাধারণ সম্পাদককে অপসারণ করতে বাফুফে সভাপতির কাছে দাবিও জানান বাদল রায়। অন্যথায় বিষয়টা ফিফা-এএফসিকে জানানো হবে বলেও চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সাধারণ সম্পাদক আজ প্রথম আলোকে বলেন, 'এই চিঠিটি বাফুফের নির্বাচন সংক্রান্ত তিন সদস্যের কমিটির কাছে পাঠাতে বলেছেন সভাপতি। কমিটিতে আছেন আবদুস সালাম মুর্শেদী, আবদুর রহিম ও হারুনুর রশিদ। চিঠির অভিযোগ সত্য নয়। আমি এবং বাফুফের সচিবলায় পুরোপুরি গঠনতন্ত্র অনুসারেই কাজ করছে। কাজেই এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। আমরা বিভিন্ন ক্লাবের কাছে যেসব তথ্য চাইছি সেগুলো নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নয়। টাকা দেওয়ার প্রলোভন ঠিক নয়।'

উল্লেখ্য, এর আগেও বাদল রায় অভিযোগ করেছিলেন, সাধারণ সম্পাদক আবু নাইম তাঁকে ফেডারেশনে যেতে নিষেধ করছেন। তবে আবু নাইম সেই অভিযোগ অস্বীকার করেন।