নির্বাচনে না দাঁড়িয়েও ১০ লাখ ভোট সালাহর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহকে ভোট দিয়ে ব্যালট পেপার নষ্ট করেছেন ১০ লাখ মিসরীয়। ফাইল ছবি
সালাহকে ভোট দিয়ে ব্যালট পেপার নষ্ট করেছেন ১০ লাখ মিসরীয়। ফাইল ছবি
>

• গতকালকের নির্বাচনে ১০ লাখ মিসরীয় ভোট দিয়েছেন সালাহকে
• দুই প্রার্থীর নাম কেটে সালাহর নাম লিখে ভোট দিয়েছেন ভোটাররা
• পরাজিত প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ‘ভোট’ পেয়েছেন নির্বাচনে না দাঁড়ানো সালাহ

ফুটবলার থেকে রাষ্ট্রপ্রধান—এক সময় বাক্যটা বিস্ময় জাগাত। কিন্তু কদিন আগেই লাইবেরিয়ার প্রেসিডেন্ট হয়ে ওই বাক্যে বিস্ময়সূচক চিহ্ন বসানোর সুযোগ কেড়ে নিয়েছেন জর্জ উইয়াহ। ইউরোপিয়ান না হয়েও ব্যালন ডি অর জেতার প্রথম নজির গড়া উইয়াহ রাষ্ট্রপ্রধান হওয়াতেও ‘প্রথমে’র রেকর্ড গড়েছেন। তবে মোহাম্মদ সালাহ টপকে গেছেন তাঁকেও। উইয়াহকে তো প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করতে হয়েছে নিজে থেকে। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডকে সে কষ্টও করতে হয়নি। গতকালের নির্বাচনে স্বতঃপ্রণোদিত হয়ে তাঁকে ভোট দিয়েছে ১০ লাখের বেশি ভোটার!
আরব বসন্তের ফুল সুবাস ছড়ায়নি মিসরে। টানা দ্বিতীয়বারের মতো নির্বাচনে বিজয়ী হয়েছেন আবদেল-ফাত্তাহ আল-সিসি। ঘুষ, হুমকির মতো বিতর্কে ঘেরা নির্বাচনে ৯২ শতাংশ ভোট পেয়েছেন সিসি। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মুসা মোস্তফা মুসা পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট। আর ভোটে না দাঁড়িয়েও মুসার চেয়ে বেশি ভোট পেয়েছেন সালাহ। লিভারপুল উইঙ্গারকে বেছে নিয়েছেন ১০ লাখেরও বেশি মিসরীয়। ব্যালট পেপারে থাকা দুই প্রার্থীর নাম কেটে দিয়ে সালাহর নাম লিখে ভোট দিয়েছেন ভোটাররা।
দেশটির ইতিহাসের সেরা ফুটবলারে জনপ্রিয়তা এমনিতে তুঙ্গে। কদিন আগেই দেশটির একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান সালাহর প্রতি গোলের জন্য বিনা মূল্যে ১১ মিনিট কথা বলার সুযোগ করে দিয়েছে। ৪ কোটিরও বেশি গ্রাহকের একটি প্রতিষ্ঠানের জন্য বেশ বড় এক সিদ্ধান্ত। তবে সালাহর জনপ্রিয়তার পারদ আসলে কতটা উঁচু সেটি গতকালের নির্বাচনেই বোঝা গেল।
স্থানীয় পত্রপত্রিকাগুলো এবারের নির্বাচনকে তুলনা করছে বিয়ের সঙ্গে। তাদের ভাষ্য, মিসরের সঙ্গে গণতন্ত্রের বিয়ে হয়েছে। তবে বিয়েটা নিজের ইচ্ছেয় নয়, পারিবারিকভাবে দেওয়া! মাত্র ৪২ ভাগ ভোটারের উপস্থিতি এবং তাঁদের মাঝে ১০ লাখেরও বেশি মানুষের এভাবে ভোট নষ্ট করে প্রতিবাদে সেটারই প্রতিফলন দেখা গেছে।