নির্বাচনের 'গরম' হাওয়া
সাধারণত শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনটা থাকে সুনসান। কিন্তু কাল ব্যতিক্রমই দেখা গেল। মতিঝিলপাড়ার রাস্তাঘাট যখন সুনসান, বাফুফে ভবনে ঠিক উল্টো চিত্র।
প্রধান ফটকের নিরাপত্তাকর্মীর ব্যস্ততা আগের চেয়ে বেড়েছে। ভুস করে দামি দামি গাড়ি ঢুকছে ভবনে। একটু পর আবার চলেও যাচ্ছে। ব্যস্ত বাফুফের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যস্ত সহসভাপতি প্রার্থী বাদল রায়ের কক্ষে বসা কাউন্সিলররাও। নির্বাচনের হাওয়া শুরু হতেই ভবনে অচেনা আগন্তুকদের ভিড় লেগে আছে। সেটি যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল কাল।
বৈশাখের কাঠফাটা দুপুরে ঘেমে-নেয়ে একাকার হয়ে দোতলার করিডরে এসে দাঁড়ালেন জনা পাঁচ-ছয় যুবক। খোঁজ নিয়ে জানা গেল, নেত্রকোনা থেকে এসেছেন তাঁরা। তাঁদের দুজনের হাতে দুটি ভারী ব্যাগ। বাফুফের এক নিরাপত্তাকর্মীকে আগন্তুকদের একজন বললেন, ‘আরিফ খান জয়ের রুমটা খুলে দাও। আমরা বসব।’
বাফুফের বর্তমান কমিটির সহসভাপতি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ভাই অমিত খান শুভ্র এবার সদস্য প্রার্থী। নির্বাচনে ‘বড় ভাই’কে সাহায্য করতেই একদিন আগে ঢাকায় চলে এসেছেন এই যুবকেরা। এর খানিক বাদেই বড় লাগেজ নিয়ে আরও দুজন অচেনা মুখ ঢুকলেন ভবনে। পরিচয় জানতে চাইলে এক বাক্যে শুধু বললেন, ‘আমরা কাউন্সিলর।’
বাফুফে ভবনে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন, কানাঘুষা। কে জিতবেন? কাজী সালাউদ্দিন নাকি কামরুল আশরাফ? অনেকে নিজেদের পছন্দের প্রার্থীদের সম্ভাব্য বিজয় দেখে ফেলেছেন। কেউ আবার গম্ভীর মুখে ভোটের হিসাব কষছেন। নির্বাচন নিয়ে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে কিছু শব্দ, কিছু বাক্য। বিএফএফ মানে বাংলাদেশ ফার্টিলাইজার ফেডারেশন!
বাফুফে ভবনে যখন প্রতিটি কক্ষে চলছে ছোট ছোট সভা, তখন রাজধানীর পান্থপথে কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিষদের সদস্যরা মিলে করেছেন নির্বাচন নিয়ে আরেকটি জরুরি সভা। সভা শেষে সবার মুখেই কুলুপ! এরপরই সালাউদ্দিন পরিষদের প্রার্থীরা সবাই চলে যান নির্বাচনের ভেন্যু র্যাডিসন হোটেলে। আজ এই হোটেলেই হবে প্রার্থীদের ভাগ্য নির্ধারণী নির্বাচন।
ভোট উপলক্ষে ৮০ জন কাউন্সিলর ওই হোটেলেই উঠেছেন। ভোটারদের মন গলাতে শুধু সালাউদ্দিন পরিষদই নয়, ‘ফুটবল বাঁচাও’ পরিষদের প্রার্থীদেরও গন্তব্য ছিল ওই হোটেল। টাকা দিয়ে ভোট কেনার দৃশ্য তো আর প্রকাশ্যে হয় না, তবে ফুটবলের বাতাসে এখন টাকা ওড়াউড়ির গন্ধ পাওয়া যায়।
চারপাশে বইছে লু হাওয়া। বাফুফের নির্বাচন যেন সেই গরমটা বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ।