নির্ভার আর্জেন্টিনা ও চিলির পরীক্ষা
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। বড় রকমের গড়বড় না হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও নিশ্চিত। সিয়াটলে আগামীকাল সকালে বলিভিয়ার বিপক্ষে তাই বাড়তি কোনো চাপ নিয়ে নামতে হচ্ছে না আর্জেন্টিনাকে। নকআউট পর্বের লড়াই শুরুর আগে এ ম্যাচে বরং দলের রিজার্ভ বেঞ্চটা একটু বাজিয়ে দেখতে পারেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো।
আর্জেন্টিনা নির্ভার। কিন্তু উল্টো পরিস্থিতি কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হারটাই তাদের হিসাব-নিকাশ দিয়েছে বদলে। পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জিতলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি এখনো। সেটি করতে হলে ফিলাডেলফিয়ায় কাল ভোরে পানামার বিপক্ষে অন্তত ড্র করতে হবে চিলিকে। এমনিতে জয় নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই তাদের। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে হারিয়ে পানামা জানান দিয়ে রেখেছে, নিজেদের দিনে তারা যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে। চিলির দুশ্চিন্তাও সেটাই।
নির্ভার থাকায় আর্জেন্টিনা যে কাল নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখতে পারে, সেই আভাসও দিয়েছেন আর্জেন্টাইন লেফটব্যাক মার্কোস রোহো। চোটাক্রান্ত অ্যাঙ্গেল ডি মারিয়াকে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না মার্টিনো, বিশ্রাম দেওয়া হতে পারে লিওনেল মেসিকেও। তবে রোহোর দাবি, আর্জেন্টিনা ম্যাচটাকে একটুও হালকাভাবে নিচ্ছে না।
চিলির অবশ্য পানামাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। ২০১০ সালে দুই দলের সর্বশেষ দেখায় ২-১ গোলে জিতেছিল চিলি, কিন্তু এর আগেই ২০০৮ সালের জুনে প্রীতি ম্যাচে পানামা গোলশূন্য ড্র করেছিল চিলির সঙ্গে।
হুয়ান আন্তোনিও পিজ্জির দলকে তাই কাল বড় পরীক্ষাই দিতে হতে পারে! এএফপি, রয়টার্স।