নির্ভার সেন্টফিটের পুরো মনোযোগ এখন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কোচের দায়িত্বেই এখন পূর্ণ মনোযোগ সেন্টফিটের। ছবি: প্রথম আলো।
বাংলাদেশ কোচের দায়িত্বেই এখন পূর্ণ মনোযোগ সেন্টফিটের। ছবি: প্রথম আলো।

শঙ্কা কেটে গেছে। নাইজেরিয়া কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে পল ডি গুইনকে। তাদের সংক্ষিপ্ত তালিকায় নিজেদের পছন্দ করা কোচ থাকাতে চিন্তায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। কিন্তু নাইজেরিয়ার চাকরিটা না পাওয়াতে বাংলাদেশেই থিতু হচ্ছেন বেলজিয়ান কোচ টম সেন্টফিট। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি প্লে-অফ ম্যাচ পর্যন্ত তিনি বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। 

সেন্টফিট নিজেও এখন চিন্তামুক্ত, ‘আমি এখন নির্ভার। বাংলাদেশের দায়িত্বে পুরোপুরি মনোনিবেশ করতে পারব।’
আপাতত চট্টগ্রাম যাবেন সেন্টফিট। সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দেখে ফিরে যাবেন দেশে। বাংলাদেশের সঙ্গে চুক্তিটাও হয়ে যাবে এরই মধ্যে। চুক্তির ব্যাপারে বাফুফের প্রস্তাবে সেন্টফিট একমত হয়েছেন বলেও জানা গেছে।
ভুটানের বিপক্ষে দুটি ম্যাচে সাফল্য পেলে সেন্টফিটের চুক্তিটা দীর্ঘমেয়াদি হতেও পারে। চুক্তিপত্রে এ ধরনের ধারাই থাকছে। ভুটানের বিপক্ষে সফল না হলে চুক্তিটা হয়তো আর বাড়বে না।
মাঝখানে বেলজিয়ামেও যাবেন সেন্টফিট। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফিরবেন আগস্টের মাঝামাঝি সময়ে। ২০ আগস্টের পর যেকোনো দিন শুরু হবে ভুটান ম্যাচের মূল প্রস্তুতি।
ভুটান ম্যাচ সামনে রেখে আগামী ১ সেপ্টেম্বর মালেতে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে দুটি প্লে-অফের প্রথমটি অনুষ্ঠিত হবে ঢাকায়, আগামী ৬ সেপ্টেম্বর। ১০ অক্টোবর অ্যাওয়ে ম্যাচটি থিম্পুতে।