নির্মম পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই বাঁধভাঙা উদ্যাপনে ভাসিয়েছেন সমর্থকদের। তার পাঁচ দিন পরই মুদ্রার অন্য পিঠটাও দেখতে হলো হোনাস গুতিয়েরেজকে। যে ক্লাবকে অবনমন থেকে বাঁচিয়েছেন, সেই ক্লাবই তাঁকে একরকম বিদায় করে দিল! অথচ ইংলিশ ক্লাব নিউক্যাসলের এই ফুটবলার যেভাবে মাঠে ফিরেছিলেন, সেটা রীতিমতো রূপকথা। ক্যানসারে আক্রান্ত এই আর্জেন্টাইন মাস দশেক আগেও ছিলেন হাসপাতালে। সেখান থেকে মাঠে ফিরেছেন, মৌসুমের শেষ দিনে করেছেন মহামূল্যবান এক গোল। পরশু সেই নিউক্যাসলই ঘোষণা দিল তাঁর সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না। গুতিয়েরেজের কণ্ঠে ক্ষোভ আর দুঃখ, ‘অসুস্থতা থেকে আমি দুটি জিনিস শিখেছি। কীভাবে কারও পাশে থাকতে হয়, আর কীভাবে একজনকে ব্রাত্য করে দিতে হয়।’ তিরটা যে নিউক্যাসল মালিকের দিকে, সেটা বলে না দিলেও চলে। পেশাদারদের পৃথিবীতে আবেগের মূল্য যে বড্ড কম! স্কাই স্পোর্টস।